প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 1, 2025 ইং
দিরাইয়ে পূজা মণ্ডপে বিশৃঙ্খলা, যুবক আটক

প্রতিবেদক: আকাশ আচার্য্য, দিরাই উপজেলা প্রতিনিধি
সুনামগঞ্জের দিরাই উপজেলার মজলিশপুর গ্রামে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত পূজা মণ্ডপে শনিবার রাতে বিশৃঙ্খলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মদ্যপ অবস্থায় এক যুবক হঠাৎ করে পূজামণ্ডপে প্রবেশ করে অশোভন আচরণ ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। এতে পূজার ভক্তদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাময়িক সময়ের জন্য পূজার পরিবেশ বিঘ্নিত হয়।
ঘটনার পর স্থানীয়রা ওই যুবককে আটক করে পুলিশে খবর দেয়। পরে দিরাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যুবকটিকে হেফাজতে নেয়।
দিরাই থানার দায়িত্বশীল কর্মকর্তা জানান, আটক যুবককে থানায় আনা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে, যাতে ধর্মীয় উৎসব নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ জানান, দুর্গাপূজা সার্বজনীন উৎসব। এখানে শৃঙ্খলা ও সৌহার্দ্য বজায় রাখা সকলের দায়িত্ব। আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপের কারণে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব হয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।