প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 29, 2025 ইং
ভেড়ামারায় অষ্টম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ

মোঃ ইখলাস হোসেন ।।
কুষ্টিয়ার ভেড়ামারায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ফুসলিয়ে সিএনজিতে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা মোহাম্মদ আশরাফুজ্জামান তিনজন নামীয় ও ২/৩ জন অজ্ঞাতনামাকে আসামি করে ভেড়ামারা থানায় লিখিত এজাহার দাখিল করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, নওদা ক্ষেমিরদিয়াড় গ্রামের বাসিন্দা আশরাফুজ্জামানের ১৪ বছর বয়সী কন্যা সাদিয়া আশরাফী অথৈ ভেড়ামারা সরকারি বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। বিদ্যালয়ে যাতায়াতের পথে দীর্ঘদিন ধরে প্রতিবেশী মো. আশরাফুল ইসলাম (৩০) ওই ছাত্রীকে উত্যক্ত করে আসছিল বলে অভিযোগ রয়েছে। পরিবারের পক্ষ থেকে নিষেধ করা হলেও আশরাফুলের পরিবার—খলিল (৫৫) ও সেলিনা খাতুন (৫০)—কোনো ব্যবস্থা না নেওয়ায় সে আরও বেপরোয়া হয়ে ওঠে।
গত ২৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে বিদ্যালয় ছুটি শেষে বাড়ি ফেরার সময় পৌরসভার ৭নং ওয়ার্ডের মধ্যবাজার এলাকায় আশরাফুল তার সহযোগীদের সহায়তায় শিক্ষার্থী অথৈকে সিএনজিতে তুলে নেয়। এসময় স্থানীয় দুই প্রত্যক্ষদর্শী—শাহানাজ পারভিন (৪১) ও রাজ্জাক (৫১)—ঘটনাটি দেখে শিক্ষার্থীর পরিবারকে অবগত করেন। পরে পরিবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে থানায় অভিযোগ দায়ের করে।
ভুক্তভোগীর বাবা মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, “আমার মেয়েকে অনেক দিন ধরে উত্যক্ত করছিল আশরাফুল। শেষমেশ সে আমার মেয়েকে ফুসলিয়ে নিয়ে গেছে। আমি আমার মেয়ের নিরাপত্তা ও ন্যায়বিচার চাই।”
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, অভিযোগটি পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।