প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 29, 2025 ইং
পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবি

মোঃ গোলাম কবীর।।
আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাটার মোড়ে গিয়ে শেষ হয়।
ব্যানার, প্ল্যাকার্ড, দলীয় প্রতীক দাড়ি-পাল্লাসহ বিভিন্ন স্লোগানে সজ্জিত হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে পুরো মিছিলটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন শহর আমীর মাওলানা সাইদুর রহমান এবং সঞ্চালনা করেন শহর সেক্রেটারি মিজানুর রহমান। প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির ডা. ফজলুর রহমান সাঈদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল, সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, অ্যাডভোকেট মামুনুর রশিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। পিআর ছাড়া নির্বাচন মানেই দিনের ভোট রাতে করা, যা আর কখনোই জনগণ মেনে নেবে না। দেশের জনগণ জুলাই সনদের আইনি ভিত্তি চায়। একই সঙ্গে পিআর পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে ক্ষমতার ভারসাম্য আনা জরুরি, যাতে কোনো দল বা গোষ্ঠী ফ্যাসিস্ট রূপে আবির্ভূত হতে না পারে।
বক্তারা আরও ঘোষণা দেন, কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। পাশাপাশি তারা জাতীয় পার্টিকে বিগত ফ্যাসিস্ট সরকারের সহযোগী দল আখ্যা দিয়ে দলটিকে নিষিদ্ধ করারও দাবি জানান।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।