প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 28, 2025 ইং
নিহত শিক্ষার্থীর পরিবারের পাশে বিএনপি নেতা কামরুজ্জামান রতন

গাজী মাহমুদ পারভেজ।।
মুন্সীগঞ্জের গজারিয়ায় ঘাতক স্টার লাইন বাসের আঘাতে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী শ্রাবন্তী আক্তার (১৪)।
গত (২৭ সেপ্টেম্বর) শনিবার সকালে বিদ্যালয়ে আসার পথে এ দুর্ঘটনা ঘটে।
হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এলাকাজুড়ে নেমে আসে গভীর শোকের ছায়া। সহপাঠী ও শিক্ষকরা শ্রাবন্তীর অকাল মৃত্যুতে শোকাহত এবং ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। পরিবার হারিয়েছে তাদের ভরসার আলো, আর পুরো এলাকায় নেমে এসেছে নিস্তব্ধতা।
এদিকে (২৮ সেপ্টেম্বর) রবিবার বিকেল ৩টায় ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়ান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান রতন। তিনি শোকাহত পরিবারকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
মোহাম্মদ কামরুজ্জামান রতন বলেন, “একটি কোমল প্রাণের অকাল মৃত্যু কখনোই পূরণীয় নয়। আমি এবং আমার দল সর্বদা মানুষের দুঃসময়ে পাশে থাকার চেষ্টা করি। ভবিষ্যতেও গজারিয়ার মানুষের দুঃখ-দুর্দশায় পাশে থাকব।”
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল আলম, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. রফিকুল ইসলাম (ভিপি মাসুম), জেলা যুবদলের সদস্য সচিব মো. মোজাম্মেল হক মুন্না সহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
স্থানীয়রা জানান, সড়ক দুর্ঘটনার হার দিন দিন বেড়ে চলেছে। যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে এমন প্রাণহানি রোধ করা সম্ভব নয়। তারা দ্রুত দোষী বাসচালককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।