প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 28, 2025 ইং
সিলেটে অটোরিকশা বন্ধ না করলে ৮ তারিখ থেকে সকল পরিবহণ বন্ধের হুশিয়ারী

সুমন আহমদ খান।।
সিলেটে অটোরিকশা, টমটম ও ব্যাটারিচালিত রিকশা বন্ধ না হলে আগামী ৮ অক্টোবর থেকে সকল ধরনের পরিবহণ বন্ধের হুশিয়ারী দিয়েছেন সিলেট জেলা বাস-মিনিবাস- কোচ ঐক্য পরিষদের সভাপতি মইনুল ইসলাম।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নগরীর বন্দরবাজার এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবিতে এবং সিএনজি অটোরিকশা, ট্রাক ও লেগুনার ওপর হামলার প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে তিনি এ ঘোষণা দেন।
মইনুল ইসলাম বলেন, আমরা কারো সাথে ঝামেলা করতে চাই না, দেশের ক্ষতি করতে চাই না। প্রশাসনের অভিযানে আমরা মালিক-শ্রমিক সবাই তাদের সাথে আছি। তবে আমাদের শ্রমিকদের ওপর হামলার বিচার ৭ তারিখের মধ্যে করতে হবে। পূজা উপলক্ষে আমরা সময় দিলাম। এর পরেও ব্যবস্থা না নিলে ৮ তারিখ থেকে রাজপথে সকল পরিবহণ বন্ধ করে দেবো।
তিনি আরও বলেন, অটোরিকশা দেশের ক্ষতি করছে, বিদ্যুতের অপচয় করছে। তাদের কোনো দাবিদাওয়া থাকলে সেটা প্রশাসনকে জানাক। কিন্তু আমাদের শ্রমিকদের ওপর কেন হামলা হলো? আমাদের গাড়ি ভাঙচুর হলো কেন? যারা এসবের ইন্ধন দিয়েছে, তাদেরও আইনের আওতায় আনতে হবে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন শ্রমিক নেতা রুমন মিয়া, দিলোয়ার হোসেন, মাসুম লস্কর, সানোয়ার আলী, লিটন আহমদ, রেজাউল করিম প্রমুখ।
সমাবেশে পরিবহণ সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।