
হামিম ফরহাদ সায়েম।।
কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন ও একই সংগঠনের নেতা শাহীনকে আটক করেছে পুলিশ। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত ২টা ৩৩ মিনিটের দিকে হিজলিয়া এলাকার শাহজাহানের বিল্ডিং-এর নিচ তলায় সাব-ইন্সপেক্টর (SI) রবিউলের রুম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বিল্ডিংটির মালিক মনখালি এলাকার বাসিন্দা শাহজাহান। অভিযান পরিচালনা করেন সাব-ইন্সপেক্টর রাজেশের নেতৃত্বাধীন একটি টিম।
অভিযুক্ত মুসলিম উদ্দিন সম্প্রতি শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে খাবার বিতরণের আয়োজন করেছিলেন। স্থানীয়রা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে এলাকা জুড়ে চললেও প্রশাসন কার্যকর ব্যবস্থা নিতে দেরি করছে। তাদের মতে, এ ধরনের কার্যক্রম দেশের আইনশৃঙ্খলার জন্য হুমকি স্বরূপ।
পুলিশ জানিয়েছে, আটক মুসলিম উদ্দিন ও শাহীনের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং তদন্তের মাধ্যমে তাদের সহযোগীদের বিরুদ্ধেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।