প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 27, 2025 ইং
শার্শায় সাংবাদিক মনিরের মুক্তি দাবিতে উত্তাল গ্রামবাসী, মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

যশোরের শার্শায় ষড়যন্ত্রমূলক মামলায় আটক সাংবাদিক মনিরুল ইসলাম মনিরের মুক্তি ও মামলাটি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১২টার দিকে যশোর–সাতক্ষীরা মহাসড়কের উলাশি গিলাপোল মোড়ে শতশত নারী-পুরুষ হাতে প্ল্যাকার্ড নিয়ে এ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করে আসা মনিরুল ইসলামের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে। তার চারিত্রিক বা সামাজিক কোনো ত্রুটি কখনো প্রমাণিত হয়নি। অথচ ষড়যন্ত্র করে সাজানো একটি ঘটনাকে মামলা বানিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে, যা একেবারেই অগ্রহণযোগ্য।
এলাকাবাসী অভিযোগ করে বলেন, সাংবাদিক মনির একজন পরহেজগার, ন্যায়পরায়ণ ও জনবান্ধব মানুষ। সাংবাদিকতার মাধ্যমে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ছিলেন। এজন্যই একটি মহল তাকে ফাঁসাতে এই প্রহসনের মামলা সাজিয়েছে। বক্তারা দ্রুত তদন্ত করে সত্য উদঘাটন এবং মনিরকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানান।
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর উলাশি ইউনিয়নের গিলাপোল গ্রামের এক নারী তার অষ্টম শ্রেণি পড়ুয়া ছেলেকে বলৎকারের অভিযোগ এনে শার্শা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে পুলিশ কোনো প্রকার তদন্ত ছাড়াই তা মামলা হিসেবে রেকর্ড করে সাংবাদিক মনিরুল ইসলামকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।