হামিম ফরহাদ সায়েম।।
কক্সবাজারের টেকনাফ মডেল থানাধীন হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় র্যাব-১৫ এর অভিযানে খুন, ডাকাতি, অস্ত্র ও মাদক মামলাসহ মোট ১২ মামলার আসামি শীর্ষ মাদক সম্রাট জাহাঙ্গীর আলম (৩৫) গ্রেফতার হয়েছে। এসময় তার দুই সহযোগীকেও আটক করেছে র্যাব।
র্যাব জানায়, গত ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) বিকালে সিপিসি-১ (টেকনাফ) র্যাব-১৫ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লেদা এলাকায় অভিযান চালায়। অভিযানে জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হলে তার নির্দেশে ৫০-৬০ জন সন্ত্রাসী লাঠি-সোটা ও ইটপাটকেল নিয়ে র্যাব সদস্যদের উপর হামলা চালায় এবং জাহাঙ্গীরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় কয়েকজন র্যাব সদস্য আহত হন।
পরবর্তীতে কৌশলে জাহাঙ্গীরের দুই সহযোগী মো. ছালাম (১৮) (রোহিঙ্গা) ও মো. আনোয়ার হোসেন (২৭)-কে আটক করা হয়। তাদের হেফাজত থেকে ২টি লাঠি ও ভাঙা ৭ টুকরো ইট জব্দ করা হয়েছে।
উল্লেখ্য, গ্রেফতার জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিজিবি টহল দলের উপর হামলা, খুন, ডাকাতি, অস্ত্র ও মাদক মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে।
আটককৃতদের মধ্যে রয়েছে জাহাঙ্গীর আলম (৩৫), পিতা মৃত লাল মিয়া, পূর্বপাড়া, হ্নীলা টেকনাফ, মো. ছালাম (১৮) (রোহিঙ্গা), পিতা মৃত আব্দুল হামিদ, ক্যাম্প ২৪, লেদা পুরাতন শরনার্থী ক্যাম্প,মো. আনোয়ার হোসেন (২৭), পিতা ছৈয়দ নূর, দক্ষিণ ঝাপুয়া, কালামারছড়া ইউনিয়ন, মহেশখালী; বর্তমানে লেদা পুরাতন স্টেশন, হ্নীলা।
র্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে র্যাবের উপর হামলার ঘটনায় টেকনাফ মডেল থানায় নতুন মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।