
সাকিল আহমেদ।।
দীর্ঘ ২০ বছর পর বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা (এজিএম)-২০২৫। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর নৌবাহিনী ঘাঁটি বানৌজা হাজী মহসিন অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান ও ফেডারেশনের সভাপতি এডমিরাল এম নাজমুল হাসান। সভার শুরুতে প্রয়াত প্রাক্তন সাঁতারু ও সংগঠকদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। এরপর সভাপতি স্বাগত বক্তব্য রাখেন।
এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক বার্ষিক প্রতিবেদন এবং কোষাধ্যক্ষ ২০২৪-২৫ অর্থবছরের আয়-ব্যয়ের নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন করেন। পাশাপাশি ফেডারেশনের গঠনতন্ত্র সংশোধন বিষয়ে প্রস্তাবনা আলোচিত হয় এবং সর্বসম্মতিক্রমে তা অনুমোদন করা হয়।
সভায় ফেডারেশনের এডহক কমিটির সদস্য, জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিনিধি, বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থা, সার্ভিসেস সংস্থা, মহিলা ক্রীড়া সংস্থা, বিশ্ববিদ্যালয়, সুইমিং ক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রায় ৮২ জন কাউন্সিলর অংশগ্রহণ করেন। এছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন, জাতীয় ক্রীড়া পরিষদ ও বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।