
শংকর দাস পবন।।
বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। হিন্দু সম্প্রদায়ের এই পূজা মূলত দেবী দুর্গার মহিষাসুর বধ কাহিনিকে কেন্দ্র করে আয়োজিত হয়। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি দুর্গাপূজা এখন বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির উৎসব।
দেবী দুর্গাকে মা হিসেবে পূজা করা হয়, যিনি অসুর শক্তিকে দমন করে মানবজাতিকে অশুভ থেকে রক্ষা করেন। কল্পারম্ভ, বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে ষষ্ঠীতে পূজা শুরু হয় এবং বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়। এ উৎসব ঘিরে মণ্ডপে বাজে ঢাক-ঢোল, চলে সাংস্কৃতিক অনুষ্ঠান, ভক্তদের আনাগোনায় মুখর হয়ে ওঠে শহর ও গ্রামাঞ্চল।
এ বছর সনাতন পঞ্জিকা অনুযায়ী আগামী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী দিয়ে শুরু হবে দুর্গাপূজা। মহাপঞ্চমীতে দেবীপক্ষের আবহে বাজবে ঢাক-ঢোল, আর ২ অক্টোবর দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এই মহোৎসব।
ঝালকাঠি জেলায় এ বছর মোট ১৬২টি স্থায়ী ও অস্থায়ী মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সদর উপজেলায় ৭৫টি, নলছিটিতে ২৪টি, রাজাপুরে ১৮টি এবং কাঠালিয়ায় ৪৫টি মণ্ডপে পূজা আয়োজনের প্রস্তুতি চলছে। প্রতিটি মণ্ডপেই এখন চলছে প্রতিমা নির্মাণ ও সাজসজ্জার শেষ মুহূর্তের ব্যস্ততা।