প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 25, 2025 ইং
সিলেট নগরীতে ব্যাটারি চালিত রিকশামুক্ত না হওয়া পর্যন্ত অভিযান: এসএমপি কমিশনার

সুমন আহমদ খান।।
সিলেট মহানগরী থেকে অবৈধ সিএনজি, ব্যাটারি চালিত রিকশা ও অন্যান্য অবৈধ যানবাহন অপসারণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।
বুধবার দুপুরে এসএমপি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বিদ্যুৎ বিভাগের দেওয়া তালিকা অনুযায়ী নগরীর ৩৮টি চার্জিং পয়েন্টের সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। নতুন করে চিহ্নিত চার্জিং পয়েন্টের বিরুদ্ধেও একই পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও বলেন, লালদিঘীরপারে হকার্স মার্কেট চালু হলে ফুটপাত দখলমুক্ত অভিযান শুরু হবে। পাশাপাশি ব্যবসা-প্রতিষ্ঠানের সামনে অবৈধ গাড়ি পার্কিং বন্ধে উদ্যোগ নেওয়া হবে।
অবৈধ সিএনজি টোকেন বাণিজ্যে কোনো পুলিশ সদস্য জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন কমিশনার। এছাড়া নগরীর হোটেলগুলোতে অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে নিয়মিত অভিযান চলছে, অপরাধ প্রমাণিত হলে হোটেল সিলগালা করা হবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।