
মোঃ মশিউর রহমান।।
৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দিনাজপুরের ফুলবাড়ীতে গণসংযোগ ও পথসভা করেছেন দিনাজপুর-৫ (পার্বতীপুর–ফুলবাড়ী) আসনে বিএনপির এমপি পদে মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারিয়া বাচ্চু। গেল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ৩নং কাজিহাল ইউনিয়ন ও ১নং এলুয়াবাড়ী ইউনিয়নের আটপুকুর হাট, রুন্দ্রানী বাজার, জলপাইতলি বাজারসহ বিভিন্ন পাড়া-মহল্লায় গিয়ে তিনি গণসংযোগ ও পথসভায় অংশ নেন। এসময় তিনি ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। বক্তব্যে তিনি তারেক রহমানের ঘোষিত ৩১ দফাকে জনগণের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের মূল ভিত্তি উল্লেখ করে রাষ্ট্র কাঠামো মেরামতে এর গুরুত্ব তুলে ধরেন।
গণসংযোগ কর্মসূচিতে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক ও জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মাহফিজুল ইসলাম মাসুমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা দোকানপাট, বাজার ও জনপথে গিয়ে প্রার্থীর পক্ষে সমর্থন চান।
এস এম জাকারিয়া বাচ্চুর ধারাবাহিক গণসংযোগ ও জনগণের সঙ্গে নিবিড় সম্পৃক্ততা দিনাজপুর-৫ আসনের ভোটের মাঠে নতুন মাত্রা যোগ করেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তার সক্রিয়তা ইতোমধ্যেই সাধারণ ভোটারদের দৃষ্টি আকর্ষণ করেছে। স্থানীয় নেতাকর্মী ও তরুণ প্রজন্মের সমর্থনকে পুঁজি করে তিনি ধানের শীষকে বিজয়ের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করতে মাঠে কাজ করে যাচ্ছেন।