
রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের ভট্টাচার্যপাড়া গ্রামে প্রবাসী স্বামী ও সন্তান রেখে প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন এক গৃহবধূ। এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাগুড়াডাঙ্গী গ্রামের সৌদি প্রবাসী মহিদুলের স্ত্রী মরিয়ম আক্তার (২৫) গত ২৩ সেপ্টেম্বর দিবাগত রাত থেকে ভট্টাচার্যপাড়া গ্রামের কামরুল ইসলামের বাড়িতে অবস্থান করছেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি নিয়ে একাধিকবার আপোষ মীমাংসার চেষ্টা করলেও মরিয়ম বাড়ি ছাড়তে অস্বীকৃতি জানান। মহিদুল ও মরিয়ম দম্পতির ঘরে পাঁচ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
অন্যদিকে কামরুল ইসলামও বিবাহিত। তার স্ত্রী ও চার বছর বয়সী এক পুত্র সন্তান রয়েছে। মরিয়ম ওই বাড়িতে ওঠার পর থেকে কামরুল পলাতক রয়েছেন।
এ বিষয়ে মরিয়ম আক্তার জানান, প্রায় আট-নয় মাস আগে কামরুলের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। স্বামী বিদেশ যাওয়ার পর থেকে সম্পর্কটি আরও গভীর হয়। তিনি দাবি করেন, কামরুল তাকে বিবাহ করতে রাজি হয়েছেন। তবে ২৩ সেপ্টেম্বর রাতে একসঙ্গে পালানোর পরিকল্পনা ভেস্তে গেলে তিনি কামরুলের বাড়িতেই থাকার সিদ্ধান্ত নেন। মরিয়ম বলেন, “স্বামীর সংসার বা বাবার বাড়িতে আমার আর স্থান নেই। আমি কামরুলের কাছ থেকে সামাজিক স্বীকৃতি চাই।”
অন্যদিকে কামরুলের বর্তমান স্ত্রী অভিযোগ করে বলেন, মরিয়ম আগে থেকেই তার স্বামীর সাথে যোগাযোগ করত। “আমাদের সন্তান আছে। আমি চাই না আমার জীবনটা নষ্ট হোক, ওর জীবনটাও নষ্ট হোক। অনেক কষ্টে সংসার চালাই,”—যোগ করেন তিনি।
কামরুলের মা ও প্রতিবেশীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, কেবল ফোনে কথা বললেই অনৈতিক সম্পর্ক প্রমাণ হয় না। তারা দাবি করেন, মরিয়ম ইচ্ছাকৃতভাবে কামরুলকে ফাঁসানোর চেষ্টা করছেন। স্থানীয়দের উপস্থিতিতে সালিশে মেয়েটিকে বাবার বাড়ি পাঠানোর সিদ্ধান্ত হলেও সে ফের কামরুলের বাড়িতে চলে আসে।
এলাকার সচেতন মহল বলছে, স্বামী-সন্তান রেখে আরেকজন বিবাহিত পুরুষকে বিয়ে করা ধর্মীয় ও সামাজিকভাবে গ্রহণযোগ্য নয়। তারা মরিয়মকে ভুল বুঝে নিজের স্বামীর সংসার বা বাবার বাড়িতে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
এ ঘটনায় ভট্টাচার্যপাড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।