
মোহাম্মদ গোলাম মোস্তফা।।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এডভোকেট মাওলানা নাজমুল হক সাঈদী ব্যাপক গণসংযোগ পরিচালনা করেছেন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সারাদিন তিনি দেওয়ানগঞ্জ উপজেলার খরমা ইউনিয়নের বিভিন্ন গ্রামে জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন।
গণসংযোগকালে স্থানীয় বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ তার সঙ্গে উপস্থিত ছিলেন। নাজমুল হক সাঈদী এসময় সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তার প্রতীককে ভোট দেওয়ার আহ্বান জানান।
এডভোকেট নাজমুল হক সাঈদী বলেন, “দেশের গণতন্ত্র আজ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। আমরা জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে চাই। জনগণই রাষ্ট্রের মালিক, সেই অধিকার ফিরিয়ে দিতে হবে।”
তিনি আরও বলেন, ইসলামই হচ্ছে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার একমাত্র পথ। জনগণকে শান্তি, নিরাপত্তা ও ন্যায়ের নিশ্চয়তা দিতে ইসলামী শাসনের সুফল তুলে ধরেন তিনি।
গণসংযোগে বক্তারা বলেন, নাজমুল হক সাঈদী একজন সৎ, নির্ভীক ও জনপ্রিয় প্রার্থী। জনগণের দোরগোড়ায় তিনি সবসময় পাশে থেকেছেন। তারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে তিনি বিপুল ভোটে বিজয়ী হয়ে এলাকাবাসীর উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখবেন।