প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 24, 2025 ইং
ঝিনাইদহে নলডাঙার সিদ্ধেশ্বরী মন্দিরে দুর্বৃত্তের চুরি, সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য
বাবুল আক্তার।।
ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নে একাধিক মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। গেল রাতে রাত ৩টা ৪০ মিনিটের দিকে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মায়ের মন্দির, শিব মন্দির, বিষ্ণু মন্দির, গণেশ মন্দির ও কার্তিক মন্দিরে তালা ভেঙে দুর্বৃত্ত প্রবেশ করে চুরি সংঘটিত করে।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গামছা দিয়ে মুখ ঢাকা এক ব্যক্তি রাত পৌনে চারটার দিকে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে। পরে একে একে মন্দিরগুলোর তালা ভেঙে ভেতরে প্রবেশ করে কিছু জিনিসপত্র চুরি করে পালিয়ে যায়।
মন্দির কমিটির সভাপতি বক্ষ্মীম মুক্ষার্জি জানিয়েছেন, প্রতীমার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে ইমিটেশনের কয়েকটি গহনা চুরি হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রতীমার গলায় স্বর্ণের গহনা রয়েছে—এমন মনে করেই চুরির ঘটনা ঘটতে পারে।
এদিকে খবর পেয়ে ঝিনাইদহের পুলিশ সুপার মো. মনজুর মোরশেদ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করা হয়েছে এবং চুরির সঙ্গে জড়িতদের গ্রেফতারে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।