
মোঃ তৌহিদুর রহমান।।
রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুর এলাকায় দাঁড়িয়ে থাকা সবজি বোঝাই পিকআপ (মিনি) ট্রাকের পেছনে অপর একটি ট্রাক ধাক্কা দিলে চালক ও সহকারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কল্যাণপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কুষ্টিয়া সদর উপজেলার পারখানা ত্রিমোহনী গ্রামের মুনসুর মোল্লার ছেলে নাজমুল (৩৫) ও পশ্চিম মৌজমপুরের শাহিন মোল্লার ছেলে কাওসার (৩০)।
আহলাদিপুর হাইওয়ে থানার ওসি মোঃ শামীম শেখ জানান, সবজি বোঝাই পিকআপটি দাঁড়িয়ে চাকা পরিবর্তন করছিল। এ সময় পেছন থেকে আসা চাল বোঝাই ট্রাকটি দাঁড়িয়ে থাকা পিকআপটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে, তবে চালক ও সহকারী পালিয়ে গেছেন বলে জানান ওসি।