প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 24, 2025 ইং
স্ত্রীর সঙ্গে দ্বন্দ্ব ও বেকারত্বের কষ্টে বাউফলে যুবকের আত্মহত্যা

এম সাইদুর রহমান।।
পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের দক্ষিণ রাজনগর গ্রামে মোহাম্মদ রাকিবুর রহমান (২৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।
নিহত রাকিবুর রহমান ওই গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে।
রাকিবুলের বোন রাফিজা বেগম জানান, প্রায় ৮ মাস আগে তার বিয়ে হয়। স্ত্রী বরিশালের একটি বেসরকারি ক্লিনিকে চাকরি করেন। অন্যদিকে রাকিবুল ঢাকায় বসুন্ধরায় চাকরি করতেন। তবে বর্তমানে বেকার হয়ে পড়ায় দাম্পত্য জীবনে কলহ লেগেই থাকত। মূলত বেকারত্ব ও দাম্পত্য দ্বন্দ্ব থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন বলে পরিবারের দাবি।
স্থানীয়রা রাকিবুলকে উদ্ধার করে বাউফল সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. শেখ শহীদুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। বাউফল থানা পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।