প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 24, 2025 ইং
খেলায় অনিয়ম: প্রতিপক্ষ শিক্ষার্থীদের উপর হামলা, একজন হাসপাতালে

মাহমুদুল হাসান
বানারীপাড়া প্রতিনিধি
বানারীপাড়া হাইস্কুলের উদ্ধতার শেষ কোথায়—এমন প্রশ্ন তুলতে শুরু করেছে সাধারণ মানুষ। অভিযোগ উঠেছে, প্রায় প্রতি বছরই বিভিন্ন খেলায় ওই স্কুলকে ‘চ্যাম্পিয়ন’ বানাতে বিশেষ সুবিধা দেওয়া হয়।
সোমবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতায় সৈয়দ বজলুল হক মাধ্যমিক বিদ্যালয় জয়ী হওয়ার পরপরই তাদের শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় একজন শিক্ষার্থী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, এই হামলার সঙ্গে সরাসরি জড়িত বানারীপাড়া হাইস্কুলের কয়েকজন শিক্ষার্থী। হঠাৎ এ আক্রমণে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অভিভাবক ও সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে বলেন,
> “যদি উপজেলা প্রশাসন আগেই ঠিক করে রাখে যে সব খেলায় বানারীপাড়া হাইস্কুলকেই জয়ী করতে হবে, তবে এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের প্রয়োজন কী?”
তাদের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত স্কুল ও শিক্ষার্থীদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ওই স্কুলকে কোনো ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুমতি না দেওয়ার আহ্বান জানান তারা।
অভিভাবকরা আরও বলেন, অন্যথায় এসব আয়োজন কেবল প্রহসন হিসেবেই থেকে যাবে, আর শিক্ষার্থীরা শিখবে অন্যায় ও সন্ত্রাসকে বৈধতা দেওয়া।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।