
মোঃ সাদ্দাম হোসেন।।
বরিশাল কোতোয়ালি মডেল থানা থেকে জয় সাহা (৩০) নামে ছাত্রলীগের এক সাবেক নেতা পালিয়ে গেছেন। এ ঘটনায় দায়িত্বরত এক পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। জয় সাহা বরিশাল জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও নগরীর বেলতলা এলাকার যুগল কৃষ্ণ সাহার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান।
তিনি জানান, জয় সাহাকে গ্রেফতারের পর থানায় আনা হয়। নাম-ঠিকানা লিপিবদ্ধ করার পর গারদ খানায় নেওয়ার সময় তিনি হঠাৎ দৌড়ে পালিয়ে যান। পালাতক আসামিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
থানা সূত্রে জানা গেছে, জয় সাহা রাইডার রাব্বি গ্রুপের সদস্য। পাঁচ মাস আগে বরিশাল আদালত প্রাঙ্গণে "জয় বাংলা" স্লোগান দিয়ে নাশকতার চেষ্টা করা মামলার ৬ নম্বর আসামি তিনি। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এর আগে সোমবার রাত ৮টার দিকে নগরীর মহসিন মার্কেট এলাকা থেকে জয়কে গ্রেফতার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। তবে এক ঘণ্টা পরই তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম বলেন, "পালাতক আসামিকে ধরতে একাধিক টিম মাঠে কাজ করছে। দায়িত্বে অবহেলার কারণে পুলিশ সদস্য রাজুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।"