মোঃ মেহেদী হাসান।।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। রোগীর পরিবার ও প্রত্যক্ষদর্শীদের দাবি, বকশিশ না পেয়ে এক পরিচ্ছন্নতাকর্মী রোগীর অক্সিজেন মাস্ক খুলে নেওয়ায় অল্প সময়ের মধ্যেই রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে।
জানা গেছে, নিহত রোগীর নাম শেখ সাইফুল ইসলাম (৪৮) তিনি খুলনা জেলার খানজাহান আলী থানার যোগীপোল ইউনিয়নের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন এবং কয়েকদিন আগে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যালে ভর্তি হন।
রোগীর স্বজনদের অভিযোগ, শনিবার দুপুরে দায়িত্বে থাকা পরিচ্ছন্নতাকর্মী আব্দুল জব্বার চিকিৎসাধীন সাইফুল ইসলামের কাছ থেকে বকশিশ দাবি করেন। পরিবারের সদস্যরা তা দিতে না পারলে ক্ষুব্ধ হয়ে তিনি রোগীর অক্সিজেন মাস্ক খুলে নেন। অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় কিছুক্ষণের মধ্যেই সাইফুল ইসলাম মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা হাসপাতালের ভেতরে বিক্ষোভ করলে পরিস্থিতি কিছুটা উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। পরে হাসপাতাল প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়। নিহতের পরিবার এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোঃ মুজিবুর রহমান জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। বিষয়টি খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, “যদি তদন্তে প্রমাণিত হয় যে পরিচ্ছন্নতাকর্মী ইচ্ছাকৃতভাবে অক্সিজেন মাস্ক খুলেছেন, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে এই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এমন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, চিকিৎসা নেওয়ার জন্য যেখানে মানুষ শেষ ভরসা খোঁজে, সেখানে যদি এভাবে অবহেলা ও অনিয়মের কারণে প্রাণহানি ঘটে, তবে সাধারণ মানুষের আস্থা হারিয়ে যাবে।
এ বিষয়ে খুলনা জেলা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতাল প্রশাসন ও স্থানীয় থানা পুলিশ এ নিয়ে সার্বিক খোঁজখবর রাখছে।
বর্তমানে অভিযুক্ত পরিচ্ছন্নতাকর্মী আব্দুল জব্বারকে হাসপাতালের দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানা গেছে। তদন্তের অগ্রগতি সবার নজরে রয়েছে।