প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 23, 2025 ইং
পটুয়াখালীতে শারদীয় দুর্গাপূজা উদযাপন শেষ প্রস্তুতি

পলাশ হাওলাদার।।
আর কয়েক দিন বাদেই শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই উৎসবকে ঘিরে পটুয়াখালীতে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা তৈরি করার মৃৎ শিল্পীরা। জেলার ৮টি উপজেলায় ১৭৬টি মন্ডপে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের মাটির প্রলেপের কাজ শেষ করে এখন চলছে রং-তুলি দিয়ে প্রতিমাকে দৃষ্টিনন্দন করার প্রস্তুতি।
দেবী দুর্গাকে সুন্দর রূপ দিতে দিন-রাত রং তুলির মাধ্যমে কাজ করে যাচ্ছেন প্রতিমা তৈরি করার মৃৎ শিল্পীরা। এবছর জেলার ৮টি উপজেলায় ১৭৬টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গত বছর জেলায় ১৯০টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছে। শারদীয় দুর্গোৎসবকে ঘিরে পুরো জেলায় চলছে আনন্দ, প্রস্তুতি এবং ভক্তিময় পরিবেশ। প্রতিমা তৈরির শেষ স্পর্শে ব্যস্ত শিল্পীরা, আর ভক্তদের মধ্যে বিরাজ করছে মায়ের আগমনের উচ্ছ্বাস।
আগামী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীতে পূজা শুরু হবে এবং ২ আক্টোবর মহাদশমী ও বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে । এতে করে পুরো জেলায় মেতে উঠেছে উৎসবের আমেজ।
পটুয়াখালী জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক আশীষ কুমার সাহা জানান, জেলায় মোট ১৭৬টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সদর উপজেলায় ২৬টি, মির্জাগঞ্জে ১৫টি, দুমকিতে ১০টি, বাউফলে ৬৫টি, দশমিনায় ১৩টি, গলাচিপায় ২৮টি, কলাপাড়ায় ১৪টি, এবং রাঙ্গাবালীতে ৫টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।