প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 23, 2025 ইং
শাবিপ্রবিতে শর্তসাপেক্ষে ফের ছাত্ররাজনীতি চালুর সিদ্ধান্ত

সুমন আহমদ খান।।
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শর্তসাপেক্ষে ফের ছাত্ররাজনীতি চালুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনকে সামনে রেখে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ আগস্ট প্রক্টরীয় কমিটির সাথে সর্বদলীয় ছাত্র সংগঠনের মতবিনিময় সভায় সর্বসম্মত সুপারিশের ভিত্তিতে ২০২৪ সালের ৬ নভেম্বর আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে। এর ফলে নির্দিষ্ট শর্তসাপেক্ষে শিক্ষার্থীরা রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবেন। তবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন ও আবাসিক হলে সভা-সমাবেশ ও মিছিল করার নিষেধাজ্ঞা বহাল থাকবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ক্যাম্পাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার স্বার্থে পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে শিক্ষার্থীদের কল্যাণমূলক রাজনৈতিক কর্মকাণ্ড প্রক্টরের অনুমোদনক্রমে পরিচালনা করতে হবে।
এছাড়া শাকসু নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে প্যানেল গঠন ও পরিচিতিমূলক অনুষ্ঠান সংশ্লিষ্ট হল প্রশাসনের অনুমতি সাপেক্ষে আয়োজন করা যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।