
এমদাদুল হক মুনতাসির।।
চট্টগ্রাম নগরীর চকবাজারের বালি আর্কেডে অবস্থিত পোশাকের দোকান ‘আর্টস অব পিয়া’কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২২ সেপ্টেম্বর) এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।
অধিদপ্তর সূত্র জানায়, অনলাইনে অর্ডারের টাকা নিয়ে পণ্য না দেওয়া এবং টাকা ফেরত না দেওয়ার অভিযোগে দোকানটির বিরুদ্ধে তদন্ত শুরু হয়। অভিযোগের ভিত্তিতে পরিদর্শনে গিয়ে কর্মকর্তারা দেখতে পান, দোকানটিতে পাকিস্তানি লন কাপড় দেশীয় পণ্য হিসেবে বিক্রি করা হচ্ছে, তবে বিদেশি পণ্য হিসেবে দাবির কোনো প্রমাণ তারা দেখাতে পারেননি।
এছাড়া দোকানে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই তেল, সাবান, ঘি-সহ বিভিন্ন পণ্য বিক্রি করা হচ্ছিল। কিছু পণ্যের মোড়কেও কোনো লেবেল ছিল না।
এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ বিষয়ে উপ-পরিচালক ফয়েজ উল্যাহ বলেন, “দেশীয় পণ্যকে বিদেশি বলে প্রতারণার আশ্রয় নিচ্ছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে অনুমোদনবিহীন নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রিও আইনবিরোধী। প্রতিষ্ঠানটিকে তদারকিতে রাখা হবে এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”