প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 22, 2025 ইং
প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পার্বতীপুরে অবৈধ লটারির টিকিট বিক্রি

মোঃ মশিউর রহমান।।
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার সীমান্তঘেষা খোলাহাটি ক্ষুদ্র কুটির শিল্প ও বাণিজ্য মেলার নামে চলছে অবৈধ লটারি ও অশ্লীল নৃত্য। পার্বতীপুরে প্রশাসনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মেলা আয়োজকরা উপজেলার বিভিন্ন জায়গায় প্রকাশ্যে টিকিট বিক্রি কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাবড়া হাটসহ বিভিন্ন এলাকায় অবাধে এসব অবৈধ লটারির টিকিট বিক্রি হতে দেখা গেছে। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এভাবে টিকিট বিক্রির ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
স্থানীয় সচেতন মহল জানান, লটারির নামে এ ধরনের জুয়া সমাজে ভয়াবহ প্রভাব ফেলছে। তারা বলেন, লটারির কারণে যুবসমাজের মধ্যে পরিশ্রমের চেয়ে ভাগ্যের উপর নির্ভরশীল হওয়ার প্রবণতা বাড়ছে। অনেকে সংসারের টাকা লটারিতে খরচ করে পরিবারে অশান্তি ডেকে আনছে। টাকা হারিয়ে হতাশাগ্রস্ত হয়ে অনেকেই ঋণে জড়িয়ে পড়ছে, যা অপরাধ বৃদ্ধির ঝুঁকি তৈরি করছে।
এছাড়াও মেলায় অশ্লীল নৃত্য ও অনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগ উঠেছে, যা সমাজের নৈতিক অবক্ষয় ঘটাচ্ছে এবং কিশোর-তরুণদের বিপথে ঠেলে দিচ্ছে। স্থানীয়রা দ্রুত এসব অবৈধ কার্যক্রম বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।