
সুমন আহমেদ।।
সিলেট মহানগরে অবৈধভাবে চলাচলকারী ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে আজ সোমবার (২২ সেপ্টেম্বর) থেকে অভিযান শুরু করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। সকাল ৮টা থেকে নগরের মেন্দিবাগ, নাইওরপুল, জিতু মিয়ার পয়েন্ট, রিকাবীবাজার ও পাঠানটুলা এলাকায় একযোগে এ অভিযান পরিচালিত হচ্ছে।
এসএমপি জানিয়েছে, সিনিয়র কর্মকর্তাদের তত্ত্বাবধানে ব্যাটারিচালিত অটোরিকশা ও অনুমোদনবিহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর আগে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এসএমপি আট দফা নির্দেশনা জারি করে নগরজুড়ে মাইকিং করেছে।
এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “নির্দেশনা কার্যকর করতে সোমবার থেকে অভিযান শুরু হয়েছে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এরআগে পুলিশ কমিশনার জানিয়েছিলেন, নগরীর সম্মানিত নাগরিকদের ভোগান্তি কমানো ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে এসব নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।
এসএমপির আট দফা নির্দেশনায় বলা হয়েছে—
১। রেজিস্ট্রেশনবিহীন বা ভুয়া নম্বর প্লেটযুক্ত ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে পারবে না।
২। অনুমোদিত স্ট্যান্ডে নির্ধারিত সংখ্যার বেশি সিএনজি চালিত অটোরিকশা রাখা যাবে না।
৩। অননুমোদিত স্থানে কোনো ধরনের পার্কিং করা যাবে না।
৪। মোটরসাইকেল চালক ও আরোহী উভয়ের জন্য হেলমেট বাধ্যতামূলক।
৫। সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি নগরীতে প্রবেশ করতে পারবে না।
৬। বাস, মিনিবাস, কোচ, কার, মাইক্রোবাস ও হাইয়েস চালাতে ড্রাইভিং লাইসেন্স, কাগজপত্র ও সিটবেল্ট আবশ্যক।
৭। অতিরিক্ত যাত্রী বা ভাড়া নেওয়া যাবে না। হেডলাইট, ব্রেক লাইট ও সিগন্যাল লাইট সচল না থাকলে গাড়ি রাস্তায় নামানো যাবে না।
৮। যত্রতত্র যাত্রী ওঠানামা করানো বা রাস্তার মাঝে গাড়ি পার্কিং করা যাবে না।
এসএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীতে কোনোভাবেই অনুমোদনবিহীন, কাগজপত্র ছাড়া বা নিয়ম অমান্যকারী যানবাহন চলতে দেওয়া হবে না।