
রায়হান হোসেন।।
“মেয়র নাই, উপজেলা চেয়ারম্যান নাই, রিক্সা থেকে টাকা নিয়ে খায় কে? ইউএনও খায়”এভাবেই ক্ষোভে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মালিক ও স্থানীয় অটো রিক্সা চালকরা।
তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পৌরসভা বা উপজেলা চেয়ারম্যানের অনুপস্থিতিতে বিভিন্ন সময়ে অটো রিক্সা থেকে তিন হাজার টাকা করে তোলা হয়। পৌর প্রশাসকের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অনুমতি বা নির্দেশেই এসব টাকা আদায় করা হচ্ছে বলে দাবি মালিক ও চালকদের।
রিক্সা চালকরা জানান, দিনের পর দিন শ্রম দিয়ে জীবিকা চালাতে হয় তাদের। অথচ সড়কে নামলেই লাইসেন্স এর নামে চাঁদার চাপ। তারা প্রশ্ন তুলেছেন“কোনো নির্বাচিত জনপ্রতিনিধি না থাকলে এ টাকা আদায়ের বৈধতা কোথায়?”
স্থানীয়রা জানান, এর আগেও এ বিষয়ে আন্দোলন হয়েছে। কিন্তু পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন আসেনি। এখন সরাসরি ইউএনওকে দায়ী করে ক্ষোভ প্রকাশ করছেন মালিক ও অটো রিক্সা চালকরা।
রিক্সা মালিক ও চালকরা মিছিলটি নিয়ে উপজেলা চত্বরে প্রবেশ করলে রায়পুর পৌর বিএনপি'র সভাপতি এবিএম জিলানী চালকদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি বলেন আপনাদের পাঁচ বা দশ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল আমরা বিকেলে পৌরসভায় বসবো আপনাদের দাবি যুক্তিক , আমরা আপনাদের সাথে একমত পোষণ করছি। আপনাদের কাছ থেকে আর কোন টাকা নেয়া হবে না।
এ বিষয়ে ইউএনওর কোনো বক্তব্য পাওয়া যায়নি।