প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 22, 2025 ইং
রাজনীতিতে পুঁজিবাদে ধর্ম

দয়াল বড়ুয়া।।
সামন্তবাদকে হঠিয়ে পৃথিবীতে এসেছে পুঁজিবাদ। পুঁজিবাদ কাল্পনিক কিছুতে বিশ্বাসী না, বাস্তবতায় আস্তাশীল। তারা বিজ্ঞান ব্যবহার করে সমাজের কর্তৃত্ব কব্জায় নেয়। ক্ষমতা দখল করার পর উচিত ছিল সামন্ততন্ত্রের অবশেষসমূহকে সমূলে উৎখাত করা। কিন্তু সেটা করেনি। সামন্তবাদের অনেক কিছুকে জিইয়ে রেখেছে। সামন্ত সমাজে সৃষ্ট ধর্মকেও তারা তাদের স্বার্থের সাথে মিলিয়ে লালন করে যাচ্ছে। পুঁজিবাদের টিকে থাকার একমাত্র রাস্তা হলো শ্রমিকের শ্রম আত্মসাৎ করা। গাছ যেমন মাটির রস শুকালে মরে যায় তেমনি পুঁজিবাদও মারা যাবে শ্রমিকের শ্রম শোষণ করতে না পারলে। সুতরাং তারা জানে একদিন এই শ্রমিকরাই তাকে শেষ আঘাত করবে। পলিসি হলো, শ্রমিকদের সংগঠিত হতে না দেয়া। তারা এই কাজটিতে অন্যান্য বিষয়ের সাথে ধর্মকেও ব্যবহার করে। ধর্মের অপব্যাখ্যাকারীদের পুঁজিবাদ এ ক্ষেত্রে ব্যাবহার করে। এরা মেহনতি মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায় এবং ভুলপথে পরিচালিত করে। নিপীড়িত মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আন্দোলন আর জমে না। পুঁজিবাদ সাম্প্রদায়িকতাকে মদদ জোগায়। সাম্প্রদায়িকতা বিভিন্ন রকম হতে পারে। এর মধ্যে একটি হচ্ছে ধর্মীয় সাম্প্রদায়িকতা। ধর্মীয় উন্মাদনা। মেহনতি মানুষ যখন পুঁজিবাদী শোষণের বিরোদ্ধে সোচ্চার হয় তখন সে এই অস্ত্রটি ব্যবহার করে। সাম্প্রদায়িক সংঘর্ষ হতে থাকলে মানুষের দৃষ্টি পুঁজিবাদী শোষণ থেকে সরে অন্য খাতে প্রবাহিত হয় ফলে পুঁজিবাদ নিরাপদ হয়ে যায়।সন্ত্রাসবাদেরও জন্মদাতা পুঁজিবাদ। স্বাভাবিকভাবে একটা প্রশ্ন জাগে এটা সে করে কেনো? সাম্রাজ্যবাদ পুঁজিবাদের বিকশিত সর্বোচ্চ স্তর। এই সাম্রাজ্যবাদ দুনিয়াময় আধিপত্য করে। তার স্বার্থ বজায় রাখার জন্য তারা দেশে দেশে জাতীয় ঐক্যকে ছুরমার করে এবং শোষণ চালিয়ে যায়। সাম্রাজ্যবাদ সন্ত্রাসকে চরমে উঠিয়ে জাতীয় সরকারগুলো এবং সন্ত্রাসীদের উভয়ের নিকট অস্ত্র বিক্রি করে, মাদকদ্রব্য বিক্রি করে। সামাজিক নিরাপত্তাকে ধ্বংস করে দেয়। এসব হয় ধর্মের দোহাই দিয়ে যেমন আইএস-এর ক্রিয়াকলাপ। এর উদাহরণ মধ্যপ্রাচ্যের বিধ্বস্ত দেশগুলো। ল্যাটিন আমেরিকা এবং আফ্রিকার দেশগুলোতেও ধর্মের দোহাই দিয়ে এসব হচ্ছে। পুঁজিবাদ ধর্মকে শোষণের কাজে কৌশলে এবং সহজে ব্যবহার করে। এ ক্ষেত্রে সে রাষ্ট্রকে সর্বাধিক ব্যবহার করে। রাষ্ট্রের পুলিশ, সৈন্য, আমলা, বিচার বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ, প্রেস, ইলেট্রনিক মিডিয়া, দালাল, গুণ্ডা, সংগঠন, অর্থ, অস্ত্র সবকিছুই তারা ব্যবহার করে। এজন্য সাম্রাজ্যবাদ পৃথিবীর দেশে দেশে শক্তিশালী নেটওয়ার্ক হয়ে এখনো রাজনীতির আড়ালে লুকিয়ে আছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।