
মোঃ হামজা শেখ।।
অল্প বয়সে বাবাকে হারিয়ে নেমে এসেছিল অন্ধকার। সংসারে অভাব-অনটন, চোখে জল আর মনে হাজারো কষ্ট। কিন্তু দমে যাননি রাজবাড়ীর কালুখালীর ছেলে শরিফুল ইসলাম। শৈশবে বাবার স্নেহ না পেলেও মায়ের ত্যাগ আর নিজের অদম্য ইচ্ছাশক্তিকে শক্তি করে এগিয়ে গেছেন তিনি।
গ্রামের ছোট্ট স্কুল থেকে শুরু হওয়া সেই পথচলা আজ তাকে নিয়ে গেছে দেশের শীর্ষ চিকিৎসা প্রতিষ্ঠানে। কালুখালী উপজেলার পুরাতন কালুখালী গ্রামের সন্তান শরিফুল আজ সবার অনুপ্রেরণা।
শরিফুলের বাবা মৃত আব্দুর রব খান, মা গৃহিণী রোকেয়া বেগম। চার ভাইবোনের মধ্যে তিনি সবার ছোট। শৈশবেই বাবাকে হারিয়ে শুরু হয় দুঃসহ সংগ্রামের জীবন। তবে সেই বেদনা ও অভাবই তাকে পড়াশোনায় মনোযোগী হতে প্রেরণা দিয়েছে।
প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন কালুখালীর আয়না আদর্শ একাডেমিতে। পরে পাংশা জর্জ পাইলট মডেল স্কুল থেকে ২০১২ সালে এসএসসি এবং কুষ্টিয়া সরকারি কলেজ থেকে ২০১৪ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন।
নবম শ্রেণি থেকেই চিকিৎসক হওয়ার স্বপ্ন জাগে শরিফুলের মনে। কলেজ জীবনে সেই স্বপ্ন আরও প্রবল হয়ে ওঠে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তি হন রাজশাহী মেডিকেল কলেজে। ৫৬তম ব্যাচের ছাত্র হিসেবে ২০১৯ সালের নভেম্বরে এমবিবিএস সম্পন্ন করেন এবং এক বছরের ইন্টার্নশিপ শেষ করে চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিগ্রির পথে এগিয়ে যান।
২০২২ সালে কৃতিত্বের সঙ্গে এফসিপিএস পার্ট-১ (নিউরোমেডিসিন) উত্তীর্ণ হন তিনি। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছেন। পাশাপাশি বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিয়ে সম্প্রতি ৪৮তম বিসিএসে সহকারী সার্জন পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
শৈশবের কষ্টের কথা স্মরণ করে ডা. শরিফুল ইসলাম বলেন বাবাহারা হওয়ার কষ্ট আমার জীবনের সবচেয়ে বড় ধাক্কা। কিন্তু সেই কষ্টই আমাকে লড়াই করতে শিখিয়েছে। আজকের সাফল্যের জন্য আমি মহান আল্লাহর রহমত, মায়ের ত্যাগ, শিক্ষক ও আত্মীয়স্বজনের অবদান সর্বদা কৃতজ্ঞচিত্তে স্বীকার করি।
নিজের অনুভূতি জানাতে গিয়ে মা রোকেয়া বেগম আবেগঘন কণ্ঠে জানান ,স্বামীকে হারিয়ে সংসার সামলানো আর সন্তানদের বড় করা সহজ ছিল না। অভাবের কারণে অনেক সময় ঠিকমতো খাওয়াতেও পারিনি। কিন্তু শরিফুলকে আমি সবসময় বলতাম—তুমি যদি মন দিয়ে পড়ো, একদিন আল্লাহ তোমাকে বড় মানুষ বানাবেন। আজ ও ডাক্তার হয়েছে, বিসিএস-এ উত্তীর্ণ হয়েছেএর চেয়ে বড় আনন্দ আমার জীবনে কিছু নেই।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে শরিফুল বলেন,
আমি চাই একজন দক্ষ ও মানবিক চিকিৎসক হিসেবে কালুখালীবাসীর সেবায় নিজেকে উৎসর্গ করতে।