
শফিকুল ইসলাম।।
জামালপুরের সরিষাবাড়ীতে তাড়িয়াপাড়া এলাকায় একটি মন্দিরের সবকটি প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার পৌর এলাকার তাড়িয়াপাড়া মন্দিরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হাবিবুর রহমান (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেফতার হাবিবুর রহমান সরিষাবাড়ী পৌরসভার শিমলাপল্লী এলাকার সোহরাব মিস্ত্রির ছেলে। রোববার (২১ সেপ্টেম্বর) সকালে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবছরের মতো এবারও সরিষাবাড়ী পৌর এলাকার তাড়িয়াপাড়া মন্দিরে দূর্গাপুজার মন্ডপ তৈরি করা হয়। এবারও পুজা মন্ডপে সকল প্রতিমা নিমাণ শেষ করে প্রতিমা নির্মান শিল্পীদের বিদায় দিয়েছে মন্দির কর্তৃপক্ষ। শনিবার গভীর রাতে মন্দিরে কেউ প্রবেশ করে মন্দিরে থাকা সাতটি প্রতিমার সবকটির মাথাসহ বিভিন্ন অংশ ভাঙচুর করে চলে যায়। মন্দির কমিটির লোকজন রবিবার সকালে সকল প্রতিমা ভাঙা দেখতে পায়। খবর পেয়ে সরিষাবাড়ী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে হাবিবুর রহমান নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তাড়িয়াপাড়া মন্দির কমিটির সভাপতি গয়েশ চন্দ্র বর্মন বলেন, সকালে মন্দিরে এসে দেখি সব কিছু এলোমেলো। মন্দিরের ভিতরে প্রবেশ করে দেখি সকল প্রতিমার মাথা ও বিভিন্ন অংশ ভাঙা। রবিবার শুভ মহালয়ার দিনে মন্দিরে এসব ঘটনা ঘটলো। পরে পুলিশকে খবর দেই।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান জানান, প্রতিমা ভাংচুরের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সিসি টিভি পর্যালোচনা করে হাবিবুর রহমান নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সিসি টিভিতে একজনকেই দেখা গেছে। এ বিষয়ে অধিকতর তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।