প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 21, 2025 ইং
সাইকেল চালিয়ে নিয়মিত পরিষদে যান দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান আহম্মাদ আলী শাহ

এস এম শাহাদাত।।
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মাদ আলী শাহ একজন ব্যতিক্রমী জনপ্রতিনিধি।
অহংকারহীন, সদালাপী ও সাধারণ জীবনযাপনে বিশ্বাসী এই চেয়ারম্যান প্রতিদিন নিয়মিত সাইকেল চালিয়ে পরিষদে আসেন।সরেজমিনে দেখা গেছে, মধ্যবিত্ত ঘরের সন্তান আহম্মাদ আলী শাহ পরিষদের দায়িত্ব পালনের সময় নিজেকে কখনো বড় করে দেখান না। ছোট-বড় সবাইকে সম্মান দিয়ে কথা বলেন। মানুষের সঙ্গে মিশে কাজ করাই তাঁর মূল লক্ষ্য।তিনি দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ডে টানা ৪ বার ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করার পর ২০২৪ সালের ৫ আগস্ট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে নির্বাচিত চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডলের বিরুদ্ধে পরিষদের অন্যান্য ইউপি সদস্যদের অনাস্থা প্রকাশের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে অনাস্থা ভোট অনুষ্ঠিত হয়।সেই ভোটে গোবিন্দ চন্দ্র মন্ডল পরাজিত হন।
পরবর্তীতে প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে থাকেন আহম্মাদ আলী শাহ। উপযুক্ত বিষয় ও সক্রেক্ত স্বাক্ষরের পরিপ্রেক্ষিতে ৪নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনুপস্থিতির কারণে পরিষদ সচল রাখাসহ জনসেবা অব্যাহত রাখার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ ১৯ আগস্ট ২০২৪ তারিখে পরিপত্রের আলোকে কালিগঞ্জ উপজেলার ৪ নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব আহম্মাদ আলী শাহাজীকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করেন। গত ৪ আগস্ট জেলা প্রশাসকের পাঠানো স্বাক্ষরিত এক চিঠির ভিত্তিতে পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান তিনি ।বর্তমানে তিনি দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।স্থানীয়রা জানান,তিনি কখনো দম্ভ দেখান না। সহজ-সরল জীবনযাপন করে জনগণের পাশে থাকেন। তার মতো চেয়ারম্যান আমাদের গর্ব।
জনগণের প্রতি দায়িত্বশীলতা ও আন্তরিকতাই তাঁকে জনগণের প্রিয় নেতায় পরিণত করেছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।