প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 21, 2025 ইং
ঐক্যই শক্তি, বদলে যাবে কেরানীগঞ্জ

মো. নাজিউল্লাহ ভূইয়া।।
সমাজ ও সংগঠন একে অপরের পরিপূরক—একটিকে বাদ দিয়ে অপরটিকে কল্পনা করা যায় না। প্রখ্যাত সমাজবিজ্ঞানী ম্যাকাইভার তার Society: Its Structure & Change গ্রন্থে লিখেছেন, সমাজ মানে সহযোগিতা। সেই সহযোগিতার মূর্ত প্রতীক হয়ে উঠতে পারে সামাজিক সংগঠন। মানুষের কল্যাণ, সমাজের উন্নয়ন ও সুস্থ সংস্কৃতি বিকাশে এসব সংগঠনের ভূমিকা অনস্বীকার্য।
এই দর্শনকে সামনে রেখে কেরানীগঞ্জের প্রায় ত্রিশটিরও বেশি সামাজিক সংগঠন এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়ে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। তবে প্রতিটি সংগঠন তাদের নিজস্ব স্বকীয়তা ও দায়বদ্ধতা অটুট রেখে চলবে বলে জানানো হয়।
শনিবার বিকেল তিনটায় উপজেলার শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক আলোচনা সভায় এসব সংগঠনের শতাধিক স্বেচ্ছাসেবী অংশ নেন। বৈরী আবহাওয়ার কারণে প্রত্যাশিত ১৫০ জন প্রতিনিধি উপস্থিত থাকতে না পারলেও উৎসাহ-উদ্দীপনায় সভা প্রাণবন্ত হয়ে ওঠে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়ার; তবে অসুস্থতার কারণে তিনি অনুপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, মাদকমুক্ত, যানজটমুক্ত, দুর্নীতিমুক্ত এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় সমৃদ্ধ একটি বাসযোগ্য কেরানীগঞ্জ গড়ে তোলা হবে সর্বোচ্চ অগ্রাধিকার। আগামীর স্মার্ট ও সুন্দর কেরানীগঞ্জ বিনির্মাণে সামাজিক সংগঠনগুলোর ঐক্যবদ্ধ ভূমিকা গোটা বাংলাদেশের জন্য একটি দৃষ্টান্ত হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তারা।
সভায় আলোচনার ভিত্তিতে যে সব প্রস্তাব গৃহীত হয়, তার মধ্যে উল্লেখযোগ্য হলো—উপজেলা আইন-শৃঙ্খলা কমিটিতে সামাজিক সংগঠনের সদস্য অন্তর্ভুক্তি,মাদক প্রতিরোধ কমিটিতে সক্রিয় অংশগ্রহণ,বন্যপ্রাণী সংরক্ষণ ও হিংস্র প্রাণীর হাত থেকে মুক্তির উদ্যোগ,উপজেলা প্রাঙ্গণে মুক্তিযুদ্ধ যাদুঘর ও গ্রন্থাগার স্থাপন,অটো-ব্যাটারি চালকদের সচেতনতা বৃদ্ধি,অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত করা,
খেলাধুলার মাঠ সংক্রান্ত সমস্যা সমাধান,প্রতিটি ওয়ার্ডে পাঠাগার গড়ে তোলা,প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানোন্নয়নে কার্যকর কর্মসূচি গ্রহণ,সকল সংগঠনের প্রতিনিধিত্ব নিশ্চিত করা।
সভায় উপস্থিত স্বেচ্ছাসেবীরা মনে করেন, সমাজে অসহিষ্ণুতা, অস্থিরতা ও অবক্ষয় দূর করতে হলে সুস্থ সংস্কৃতি চর্চার বিকল্প নেই। সামাজিক সংগঠনই পারে সমাজে ইতিবাচক গুণাবলী, দায়বদ্ধতা ও দায়িত্বশীলতা গড়ে তুলতে।একজন বক্তার ভাষায়— “এই ছোট্ট বৈঠক থেকেই বড় স্বপ্নের বীজ বপন হলো। একদিন এই স্বপ্ন বাস্তবে রূপ নিলে বদলে যাবে কেরানীগঞ্জের চেহারা।”
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।