প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 20, 2025 ইং
সরাইলে অবৈধভাবে মাছ নিধনে সুবিধাভোগীরা বঞ্চিত
মোহাম্মদ আলী মাস্টার।।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের আবু ছিদ্দিক নামীয় এক প্রভাবশালী ব্যক্তি সরকারি খাল দখল করে বাঁধ দিয়ে মাছ নিধন করায় স্থানীয় জেলেরা ও গ্রামের মানুষ মাছ ধরা থেকে বঞ্চিত হচ্ছে। এ নিয়ে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের বাটপাড়া মৌজার বাতাকাটার ও ডুপের খালের অংশ মাগুরা হইতে মলাইশ ব্রীজ পর্যন্ত সরকারি খাল অবৈধ ভাবে দখল করে বাঁধ নির্মাণ করে নিয়মিত মাছ ধরে যাচ্ছেন। এলাকার সাধারণ মানুষ ও মৎস্যজীবীরা এ খাল থেকে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতো। কিন্তু প্রভাবশালী চক্রটি খালটি দখল করে নেট জাল দিয়ে ও বাঁধ দিয়ে মাছ নিধন করছে। ফলে এলাকার মানুষ খালে মাছ নিধন করতে পারছেন না। বাঁধটি দ্রুত অপসারণ করার জন্য এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।
সরজমিনে গিয়ে দেখা যায়, এ খালে নেট জাল ও পাটি দিয়ে বাঁধ নির্মাণ করে মাছ নিধন করা হচ্ছে ।
এ সময় শাহজাদাপুর ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক মিন্টু মিয়া বলেন, এই সরকারি খালে দশ বছর ধরে গ্রামের মানুষ মাছ ধরত, এখন জাল নিয়ে মাছ ধরতে গেলে তারা বাধাগ্রস্ত করে এবং এর পরিনতি ভাল হবেনা বলে জানায় । তিনি আরও বলেন গত বছর থেকে আবু সিদ্দিক এবং তার লাঠিয়াল বাহিনী একাই দখল করে ভোগ করছে।আমরা চাই গ্রামের মানুষ সবাই মিলে মাছ ধরবে এটা উন্মুক্ত চাই।
অভিযোগ বিষয়ে আবু ছিদ্দিক বলেন, আমাদের জমির পাশে ছোট্ট ছোট্ট গর্ত আছে সেখানে পাটি দিয়ে বাঁধ নির্মাণ করেছি। এটা কোন সরকারি খাল না আমাদের নিজস্ব জায়গা।
এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইন বিষয়টি তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।