প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 20, 2025 ইং
চরকাউয়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

বরিশাল প্রতিনিধি।।
বরিশাল সদর উপজেলার চরকাউয়া নয়ানীতে ন্যায্য মূল্যের চাল আত্মসাতের অভিযোগ অনুসন্ধান ও সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক মোঃ সাদ্দাম হোসেন প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ডিলার মোঃ মিন্টু হাওলাদারকে অভিযুক্ত করা হয়েছে।
ভুক্তভোগী সাংবাদিক সাদ্দাম হোসেন জানান, তিনি ও আরও কয়েকজন সাংবাদিক এলাকায় ন্যায্য মূল্যের চাল আত্মসাতের অভিযোগে তথ্য সংগ্রহ করছিলেন। এসময় তিনি সাংবাদিকদের সহযোগিতা করলে এবং নিজেও অনুসন্ধান চালালে ডিলার মিন্টু হাওলাদার ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে প্রকাশ্যে তাকে হত্যার হুমকি দেন এবং মিথ্যা মামলা দেয়ার ভয়ভীতি প্রদর্শন করেন।
হুমকির ঘটনায় বর্তমানে সাংবাদিক সাদ্দাম হোসেন ও তার পরিবার চরম আতঙ্কে রয়েছেন। এ বিষয়ে তিনি বরিশাল বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং–৬৯৭) দায়ের করেছেন।
স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ন্যায্য মূল্যের চাল বণ্টনে অনিয়ম ও আত্মসাতের ঘটনা ঘটছে। এ নিয়ে সাংবাদিকরা অনুসন্ধান শুরু করলে প্রভাবশালী মহল নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।