প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 19, 2025 ইং
দৌলতপুরে পদ্মা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত ১১৫ পরিবারকে ত্রাণ সহায়তায় বিজিবি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের উদয়নগর এলাকায় পদ্মা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র ১১৫টি পরিবারের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মানবিক সহায়তার অংশ হিসেবে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে এসব পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
পদ্মা নদীর তীব্র ভাঙনে উদয়নগর বিওপি (বর্ডার অবজার্ভেশন পোস্ট) সংলগ্ন এলাকার বহু ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে, যার ফলে অসংখ্য পরিবার গৃহহীন হয়ে মানবেতর জীবন যাপন করছে। এমন পরিস্থিতিতে, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি স্থানীয় জনগণের মানবিক সংকটে তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণ, চিনি এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।
৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহবুব মুর্শেদ রহমান পিএসসি জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও বিজিবি তাদের নিয়মিত সীমান্ত সুরক্ষা কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যাচ্ছে এবং একই সাথে যেকোনো মানবিক সংকটে জনগণের পাশে থাকবে।
ত্রাণ বিতরণ কার্যক্রমে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়কসহ স্থানীয় বিওপি কমান্ডার ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজিবির এই উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক স্বস্তি এনে দিয়েছে এবং এলাকার মানুষ বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।