
মোঃ তৌহিদুর রহমান।।
রাজবাড়ীর পাংশা পৌরসভার মাগুড়াডাঙ্গী গ্রামে নিজ ছেলে খোন্দকার ফজলে রাব্বী সাগর ও পুত্রবধু শারমিন সুলতানা মুন্নির প্রতারণায় নিঃস্ব হয়ে পথে পথে ঘুরছেন ফিরোজা খোন্দকার নামে এক মা। তার অভিযোগ, ছেলে ও পুত্রবধু প্রতারণার মাধ্যমে তার বাড়ি-জমি দখল করে স্থানীয় প্রভাবশালীদের কাছে বিক্রি করেছেন।
ফিরোজা খোন্দকার জানান, পাংশা পৌরসভার মাগুড়াডাঙ্গী মৌজার এসএ ৩০ নং খতিয়ানে বিএস ৩২৮ নং খতিয়ান প্রস্তাবিত এবং আরএস ৪৯২ ও বিএস ৪১৪ দাগে তার বাড়িসহ জমি রয়েছে। এর মধ্যে পশ্চিমাংশের ৪৩.৫০ শতাংশ জমি তার ছেলে খোন্দকার ফজলে রাব্বী সাগর প্রতারণার মাধ্যমে নিজের নামে করে নেন। বিষয়টি নিয়ে তিনি রাজবাড়ীর জেলা জজ আদালতে ছেলে সাগরকে বিবাদী করে মামলা দায়ের করেছেন। মামলার পরবর্তী তারিখ ২৫ সেপ্টেম্বর।
তার অভিযোগ, ছেলে সাগর একাধিকবার জমি বিক্রির কথা বলে বিভিন্ন মানুষের কাছ থেকে বায়না বাবদ টাকা নিয়েছেন। প্রথমে কিছু টাকা ফেরত দিলেও পরে আবারও বায়না করেন। শেষ পর্যন্ত জমি বিক্রি করতে না পেরে এক পর্যায়ে প্রভাবশালী ব্যবসায়ীদের কাছে প্রায় ১০ কোটি টাকার বাড়ি দেড় কোটি টাকায় বিক্রি করেন। বর্তমানে সেই ক্রেতারা তাকে উচ্ছেদের চেষ্টা করছে এবং বসতঘর ভেঙে নিয়ে যাচ্ছে।
ফিরোজা খোন্দকার বলেন, “এ জমি আমার। আমাকে বাদ দিয়ে কেউ জমি বিক্রি করতে পারে না। প্রতারণার মাধ্যমে জমির দলিল করা হয়েছে। আদালতে মামলা চলমান, তাই জেনে শুনে কেউ যদি এই জমি কেনে তবে সে ঠকবে।”
তিনি আরও অভিযোগ করেন, পুত্রবধু শারমিন সুলতানা মুন্নি বিভিন্ন সময়ে তার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন এবং একাধিকবার শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। এমনকি তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর এখন ঘরবাড়ি ভেঙে নিয়ে যাওয়া হচ্ছে।
বাড়িঘর ভাঙার কাজে জড়িত আবু সায়েম বলেন, “সাগরের স্ত্রী মুন্নি আমার কাছে পাঁচটি ঘর সাড়ে তিন লাখ টাকায় বিক্রি করেছেন। তাই আমি ঘরগুলো খুলে নিচ্ছি। জমি বাহারাম সরদার ও সবুজ সরদার কিনেছেন বলে শুনেছি।”
এ বিষয়ে খোন্দকার ফজলে রাব্বী সাগর ও তার স্ত্রী শারমিন সুলতানা মুন্নির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। ফোন করলেও তারা সাড়া দেননি।
ফিরোজা খোন্দকারের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম জানান, মামলাটি বিচারাধীন এবং আদালতের অনুমতি ছাড়া জমি বিক্রি করা আইনসিদ্ধ নয়।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, “অভিযোগের পর পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। আদালত থেকে নির্দেশনা এলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”