
মো: মিঠুন হোসেন।।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোগীদের হয়রানির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে দুদকের জেলা সমন্বিত কার্যালয়ের চার সদস্যের একটি তদন্ত দল এ অভিযান পরিচালনা করে।
দুদক কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায় জানান, চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে রোগীদের নানাভাবে হয়রানি এবং ডিউটি সময়ে চিকিৎসকদের অনুপস্থিতিসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালিত হয়।
তিনি আরও বলেন, “অভিযানকালে হাসপাতালের বিভিন্ন বিষয় নিয়ে নথিপত্র সংগ্রহ করা হয়েছে। এসব তথ্য যাচাই-বাছাই শেষে মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।” এ ঘটনায় রোগী ও স্বজনদের মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানা গেছে।