প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 18, 2025 ইং
সিন্ডিকেটের দৌরাত্বে, দিশেহারা সাধারণ মানুষ

মাহফুজুর রহমান বিপ্লব।।
টাঙ্গাইল শহরকে আজ অনেকেই "সিন্ডিকেটের শহর" বলে আখ্যায়িত করছেন। পরিবহণ, শিক্ষা ও স্বাস্থ্য—প্রতিটি খাতেই সিন্ডিকেটের প্রভাব স্পষ্ট। এতে সাধারণ মানুষ বাধ্য হচ্ছে নিম্নমানের সেবা নিয়ে অতিরিক্ত টাকা ব্যয় করতে।
পরিবহণে চরম দুর্ভোগ
দীর্ঘদিন ধরে টাঙ্গাইলের পরিবহণ খাত মালিক-শ্রমিক সিন্ডিকেটের নিয়ন্ত্রণে। দেশের খ্যাতনামা বাস সার্ভিসগুলো টাঙ্গাইলে প্রবেশ করতে পারেনি। ফলে যাত্রীরা বাধ্য হচ্ছেন পুরোনো ও অস্বাস্থ্যকর বাসে চলাচল করতে। মাত্র ৯০ কিলোমিটার দূরত্বে ঢাকা যেতে নন-এসি ভাড়া ৩০০ টাকা ও এসি ভাড়া ৪০০ টাকা গুনতে হয়। ঈদ ও পূজার মতো মৌসুমে এই ভাড়া এক লাফে বেড়ে দাঁড়ায় দেড় হাজার টাকা পর্যন্ত।
শিক্ষা খাতে অব্যবস্থা
শিক্ষাক্ষেত্রেও একই অবস্থা। টাঙ্গাইলকে বলা হয় "কোচিং সেন্টারের রাজধানী"। এখানে মাসে হাজার হাজার টাকা ফি গুনতে হয় অভিভাবকদের। অথচ মান নিয়ন্ত্রণের ঘাটতি ও শিক্ষার্থী নিরাপত্তাহীনতার অভিযোগ বহুবার উঠেছে। অতীতে শিক্ষার্থী মৃত্যুর মতো ঘটনা ঘটলেও তা বিচারহীন থেকে গেছে।
স্বাস্থ্য খাতে সিন্ডিকেটের প্রভাব
সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দেখা যাচ্ছে স্বাস্থ্য খাতে। টাঙ্গাইলে আবাসিক ভবনের চেয়ে ক্লিনিক বেশি হলেও অধিকাংশেরই বৈধ নিবন্ধন নেই। অপ্রয়োজনীয় টেস্ট, ভুল রিপোর্ট ও চিকিৎসায় অবহেলার কারণে রোগীর মৃত্যুর অভিযোগ নতুন নয়।
সম্প্রতি টাঙ্গাইলে পপুলার হাসপাতাল সেবা কার্যক্রম শুরু করলে সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই উন্নত সেবার আশায় সেখানে ছুটছেন। কিন্তু স্থানীয় ক্লিনিক মালিক সমিতি নীতিমালা অমান্যের অভিযোগ তুলে পপুলারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে। অনেকের মতে, প্রকৃতপক্ষে প্রতিযোগিতা ঠেকাতেই এই বিরোধিতা করা হচ্ছে।
টাঙ্গাইলবাসী মনে করছেন, এই সিন্ডিকেট সংস্কৃতি না ভাঙলে কোন খাতেই উন্নতি হবে না। পরিবহণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সুশাসন প্রতিষ্ঠায় প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।