
কামাল মিয়া।।
চাঁদপুর শহরের পৌর কবরস্থানে দাফনের জন্য রেখে যাওয়া নবজাতকটি শেষ পর্যন্ত বাঁচলো না।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রবিবার দুপুরে চাঁদপুর পৌর কবরস্থানে দাফনের জন্য আনা মাত্র দুই-তিন মাস বয়সী নবজাতকটিকে হঠাৎ নড়ে ওঠতে দেখে এলাকাবাসী তাকে জীবিত অবস্থায় উদ্ধার করে। খবরটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে শহরজুড়ে। সবাই ভেবেছিল, আল্লাহর বিশেষ রহমতে শিশু অলৌকিকভাবে ফিরে এসেছে জীবনের আলোতে।
উদ্ধারের পর নবজাতককে হাসপাতালে ভর্তি করা হয়। সারাদিন চিকিৎসকের তত্ত্বাবধানে থাকার পর রাত ৯টার দিকে শিশুটির মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
শিশুটির মৃত্যুর খবরে এলাকায় নেমে আসে শোকের ছায়া। উপস্থিত অনেকে অশ্রুসিক্ত নয়নে বলেন, “নিষ্পাপ এই সন্তানটি জান্নাতের মেহমান হয়ে গেল।”
এদিকে সমাজে বড় প্রশ্ন রয়ে গেছে—কে বা কারা এত নিষ্ঠুরভাবে সন্তানকে কবরস্থানে ফেলে গেল? তাদের পরিচয় উন্মোচন ও বিচারের আওতায় আনা এখন জরুরি হয়ে দাঁড়িয়েছে। মানবিক মূল্যবোধ রক্ষায় এ ঘটনার সত্য সামনে আসা প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল।