
“বিভেদ নয়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে”— এ বার্তাকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল মাদ্রাসা মাঠে সমাবেশের আয়োজন করা হলেও টানা বৃষ্টিতে মাঠে পানি জমে যাওয়ায় মাদ্রাসা সংলগ্ন প্রধান সড়কে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর। সমাবেশে প্রধান অতিথি ছিলেন গণমানুষের নেতা, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাত। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার শাহাদাত বিন জামান শোভন, যিনি এম. রশিদুজ্জামান মিল্লাতের যোগ্য উত্তরসূরি হিসেবে সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,
“আমার বাবা সারাজীবন বকশীগঞ্জের মানুষের সাথে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। তাঁর হাতকে শক্তিশালী করতে আমি আপনাদের সাথে আছি। আপনাদের প্রত্যাশা ও ভালোবাসার প্রতিদান দিতে চাই মানুষের সেবার মাধ্যমে।”
প্রধান অতিথির বক্তব্যে এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন,
“আগামী জাতীয় নির্বাচনে আমাদের বিজয় নিশ্চিত করতে হবে। প্রয়োজনে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে সেই বিজয় ছিনিয়ে আনতে হবে। বকশীগঞ্জ আমার নাতির মতো আপন জায়গা। আমি প্রতিশ্রুতি দিচ্ছি— বকশীগঞ্জে রেললাইন স্থাপন, অসহায়দের বিনামূল্যে ফ্যামিলি কার্ড বিতরণ, কিয়ামত উল্লাহ কলেজে অনার্স কোর্স চালু এবং খাতেমুন মঈন মহিলা কলেজকে সরকারি করার উদ্যোগ গ্রহণ করব।”
তিনি আরও বলেন,
“আমি বর্তমানে কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ হওয়ায় সারা দেশে নানা দায়িত্ব পালন করতে হয়। তবে আপনাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখবে আমার ছেলে ব্যারিস্টার শাহাদাত বিন জামান শোভন। আমি চাই তিনি আপনাদের সাথে কাজ করুক। আপনারা ঘরে ঘরে যান, ধানের শীষের জন্য ভোট চান। শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করুন। দেখুন, জামায়াতে ইসলামী ঘরে ঘরে গিয়ে ভোট চাইছে। আমাদের আরও বেশি সক্রিয় হতে হবে। বিজয় আমাদের হবেই, ইনশাআল্লাহ।”C