প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 14, 2025 ইং
ক্বীনব্রিজ এলাকায় হকার উচ্ছেদে প্রশাসনের অভিযান শুরু

সুমন আহমদ খান।।
সিলেট নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ স্থান ক্বীনব্রিজ ও আশপাশের সড়ক থেকে অবৈধ হকার উচ্ছেদে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। রবিবার সকাল থেকে শুরু হওয়া এ অভিযানে সরাসরি নেতৃত্ব দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সমন্বয়ে পরিচালিত এ উদ্যোগে অংশ নেয় পুলিশ, ট্রাফিক বিভাগ ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা।
দীর্ঘদিন ধরে ক্বীনব্রিজের দুই পাশে এবং আশপাশের সড়কগুলোতে হকারদের দখলের কারণে সৃষ্ট যানজট ও জনদুর্ভোগ বিবেচনায় নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়।
সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, আমরা চাই ক্বীনব্রিজ এলাকা যানজটমুক্ত ও নিরাপদ থাকুক। সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখতে হকার উচ্ছেদ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জানান, হকারদের পুনর্বাসনের লক্ষ্যে প্রশাসন কাজ করছে এবং আগামী ১৫ দিনের মধ্যে পুনর্বাসন কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, *"অভিযান যেন শান্তিপূর্ণভাবে পরিচালিত হয়, তা নিশ্চিত করতে সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এদিকে, ক্বীনব্রিজে মোটরসাইকেল চলাচল বন্ধের প্রস্তাব ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়। গত মঙ্গলবার জেলা প্রশাসকের সঙ্গে এক মতবিনিময় সভায় এমন একটি প্রস্তাব উত্থাপিত হলে দক্ষিণ সুরমার ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা তীব্র প্রতিবাদ জানান। তারা স্মারকলিপি দিয়ে প্রস্তাব বাতিলের দাবি জানান।
তাদের অভিযোগ, ক্বীনব্রিজ সুরমা নদীর দুই তীরের মানুষের প্রধান যাতায়াত মাধ্যম। এখানে মোটরসাইকেল চলাচল বন্ধ হলে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছাবে।
স্মারকলিপি গ্রহণের পর জেলা প্রশাসক স্থানীয় রাজনৈতিক ও পরিবহণ নেতাদের সঙ্গে আলোচনা করে আপাতত ক্বীনব্রিজে মোটরসাইকেল চলাচল বন্ধের সিদ্ধান্ত স্থগিত করেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।