প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 14, 2025 ইং
কোম্পানীগঞ্জে ৭৯৪ বোতল ভারতীয় মদ উদ্ধার

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নারাইনপুর গ্রাম থেকে বিভিন্ন ব্রান্ডের ৭৯৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। শনিবার বেলা ৩টায় নারাইনপুর গ্রামের লতিব আলীর ঘর থেকে এই মদ উদ্ধার করে পুলিশ।
পুলিশসুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার এসআই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে নারাইনপুর গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় লতিব আলীর ঘরে তল্লাশী করে খাটের নিচে ১৭ বস্তা ভারতীয় মাদক দেখতে পান। পরে কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাদক ভর্তি বস্তা উদ্ধার করে থানায় নিয়ে যান। সেখানে গণনা করে বিভিন্ন ব্রান্ডের ৭৯৪ বোতল ভারতীয় মদ পাওয়া যায়। পুলিশ জানায়, এর আগে শনিবার ভোর রাতে ভারত থেকে মাদকগুলো বাংলাদেশে নিয়ে আসেন মাদক কারবারীরা। এগুলো সুযোগ বুঝে তারা দেশের বিভিন্ন স্থানে পাচার করতো। এই সুযোগের আগেই পুলিশ মাদকগুলো আটক করে থানায় নিয়ে যায়।
কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী প্রায় প্রতিটি গ্রামে চলছে এমন মাদকের রমরমা ব্যবসা। রাতদিন ভারত থেকে বাংলাদেশে মদ, ফেনসিডিল, ইয়াবাসহ বিভিন্ন মাদকের চালান নিয়ে আসছেন চিহ্নিত মাদক কারবারীরা। মাদকের ব্যবসায় এখন জড়িয়ে পড়ছেন উঠতি বয়সী তরুণ ও যুবকরা। দিনদিন বাড়ছে মাদক কারবারীর সংখ্যা।
কোম্পানীগঞ্জ থানার ওসি মোঃ রতন শেখ জানান, ৭৯৪ বোতল ভারতীয় মদ আটক করা হয়েছে। এর সাথে জড়িত যারা আছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।