
সুমন আহমদ খান।।
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) প্রযুক্তিনির্ভর আধুনিক সেবা প্রদানের লক্ষ্যে চালু করেছে মোবাইল অ্যাপ ‘জিনিয়া’। বুধবার পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল কমিশনারের প্রথম বড় উদ্যোগ।
পুলিশ কমিশনার বলেন, সময় বদলেছে, অপরাধের ধরনও বদলেছে। তাই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা জনগণের আস্থা অর্জনে নতুন উদ্যোগ নিচ্ছি।
জিনিয়া’ অ্যাপে মোট ১৬টি সেবা যুক্ত করার পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে দুটি সেবা চালু হলেও, ধাপে ধাপে বাকি সেবাগুলোও যুক্ত করা হবে। এই অ্যাপের মাধ্যমে নাগরিকরা পাবেন লোকেশন শেয়ার, রিয়েলটাইম নোটিফিকেশন, অভিযোগ ট্র্যাকিং, জরুরি সহায়তা, নারী ও শিশুদের জন্য বিশেষ হেল্প ডেস্ক, প্রবাসীদের নিরাপত্তা সংক্রান্ত সহায়তা এবং সহজ রিপোর্টিং সুবিধা।ভবিষ্যতে অ্যাপে আরও যুক্ত হবে শিশু অপহরণ ও ঘরোয়া সহিংসতা প্রতিরোধ ব্যবস্থা, ড্রোন নজরদারি, আইনি সহায়তা এবং ব্লকচেইন-ভিত্তিক সাক্ষ্যপ্রমাণ সুরক্ষার মতো অত্যাধুনিক প্রযুক্তি।
এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নবনিযুক্ত কমিশনার যোগদানের পরপরই অ্যাপটি চালু করেন এবং কার্যক্রম শুরু করেন।
পুলিশ কমিশনার বলেন, এই শহর কেবল ইট-পাথরের নয়, এটি আমাদের পরিবার ও ভবিষ্যৎ। একটি নিরাপদ সিলেট গঠনে পুলিশ একা নয়, নাগরিকদেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।