প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 13, 2025 ইং
নাগেশ্বরীতে জুয়ার আসর থেকে চারজন গ্রেফতার এবং কয়েকজন পলাতক

মোঃ শাখাওয়াত হোসেন।।
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ছিলাখানা বাজারে রাতের আঁধারে দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসে আসছিল। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৩টা পর্যন্ত চকবাজার এলাকায় স্থানীয় ও বাইরের কয়েকজন মিলে নিয়মিতভাবে এই অবৈধ জুয়ার আসর বসাতো।
গতকাল রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে নাগেশ্বরী থানা পুলিশ হাট-সেট এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন স্থানীয় এলাকার আব্দুস সালাম (ডারারপার), আলম (কলেজ পাড়া) এবং পাশ্ববর্তী এলাকা কাশিপুরের ছামু মিয়া ও হাফিজুল। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন জুয়াড়ি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যরা জানান, বাজারে নিয়মিতভাবে রাত ১২টা থেকে ভোর পর্যন্ত দোকানপাট খোলা থাকে। বিশেষ করে কয়েকটি চায়ের দোকানে স্থানীয়দের পাশাপাশি কুড়িগ্রাম সদরের লোকজনও ভিড় জমিয়ে আড্ডা দেয়।
সরকারি আইন অনুযায়ী রাত ১০টার পর সব দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা থাকলেও ছিলাখানা বাজারে দীর্ঘদিন ধরে এই আইন অমান্য হয়ে আসছে। স্থানীয়দের অভিযোগ, জুয়ার আসর ও গভীর রাত পর্যন্ত বাজার খোলা থাকার কারণে এলাকায় অশান্ত পরিবেশ সৃষ্টি হচ্ছিল।
পুলিশ জানিয়েছে, এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে এবং বাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।