প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 12, 2025 ইং
ছাত্রদল নেতার নেতৃত্বে সাবেক ছাত্রদল নেতার ওপর হামলা গুরুতর আহত

গাইবান্ধা প্রতিনিধি:শাহ্ মো মুশফিকুর রহমান
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাটে সাবেক ছাত্রদল নেতা মো. জাহিদ হাসান সেলিমের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে ধাপেরহাট বাজার থেকে বাড়ি ফেরার পথে এ হামলা চালানো হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় ছাত্রদল নেতা মো. মশিউর রহমান মিশর তার সহযোগী রিপন, আল আমিন, ডিউ ও শহিদুলকে সঙ্গে নিয়ে সেলিমের ওপর অতর্কিতভাবে হামলা চালান। তারা ধারালো অস্ত্র, রড ও লাঠিসোটা দিয়ে তাকে মারধর করে গুরুতর আহত অবস্থায় ফেলে যায়।স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে পীরগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রে নেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।হামলার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। অনেকে ঘটনাটিকে পূর্ব শত্রুতার জের বলে দাবি করছেন। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত মশিউর, রিপন, আল আমিন, ডিউ ও শহিদুল দীর্ঘদিন ধরে এলাকায় দলীয় প্রভাব খাটিয়ে মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমি দখল ও সুদের ব্যবসা চালিয়ে আসছেন। এ কাজে বাধা দেওয়ায় সেলিমের ওপর হামলা করা হয়েছে বলে তারা দাবি করেন।এ বিষয়ে পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এদিকে এলাকাবাসী হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।