
মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া আনু খা'র মৎস্য আড়তে একটি ঢাই মাছ বিক্রি হয়েছে প্রায় ১ লক্ষ ৪ হাজার টাকায়। মাছটির ওজন ছিল ২২ কেজি ৬০০ গ্রাম।
বৃহস্পতিবার সকালে মাছটি উন্মুক্ত নিলামের মাধ্যমে ৪ হাজার ৬০০ টাকা কেজি দরে ৫ নম্বর ফেরি ঘাটের মাছ ব্যবসায়ী শাজাহান শেখ কিনে নেন।
এরআগে ভোর রাতে পদ্মা নদীর দৌলতদিয়া চর কর্ণেশনা এলাকা থেকে জেলে জীবন হলদারের জালে এই বিশাল আকৃতির মাছটি ধরা পরে।
এদিকে মাছটি দৌলতদিয়া মাছ বাজারে বিক্রি করতে আনলে উৎসুক জনতা মাছটি এক নজর দেখতে ভির করে।
মাছ ব্যবসায়ী শাজাহান শেখ বলেন, আমার ৩৫ বছরের মাছের ব্যবসায় এত বড় ঢাই মাছ এরআগে কখনও দেখি নাই। মাঝে মধ্যে ৫/৭ কেজি ওজনের মাছ কিনে বিক্রি করেছি। তবে এই মাছ খুবই সুস্বাদু। সকালে উন্মুক্ত নিলামের মাধ্যমে প্রায় ১ লক্ষ ৪ হাজার টাকা দিয়ে মাছটি কিনে বিক্রির জন্য ফেসবুকে দিয়েছি। মুহুর্তের মধ্যে নারায়ানগঞ্জ থেকে এক লন্ডন প্রবাসীর জন্য মাছটি কিনতে যোগাযোগ করেছে এবং ৪ হাজার ৮০০ টাকা কেজি দরে তার সাথে কথা হয়েছে। আশা করছি সে মাছটি নেবে।