প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 12, 2025 ইং
সিলেটে ছাত্রলীগ কর্মীর ওপর নৃশংস হামলা: হাত-পায়ের রগ কেটে দিল দুর্বৃত্তরা

সুমন আহমদ খান
উপজেলা প্রতিনিধি
সিলেট নগরীতে ছাত্রলীগের এক কর্মীর ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার হাত ও পায়ের রগ কেটে দেয় বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতের নাম রাহাত হোসেন (২৪) তিনি সিলেট নগরের বনকলাপাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয়ভাবে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সিলেট শহরের লাক্কাতুরা এলাকায়।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, “মঙ্গলবার রাতে অজ্ঞাতপরিচয় একদল সশস্ত্র ব্যক্তি রাহাতের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তার দুই পা ও হাতে আঘাত করে। বর্তমানে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার তদন্ত চলছে এবং এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।”
রাহাতের বাবা ফারুক হোসেন জানান, গতকাল আমার ছেলের এক বন্ধুর বাবার মৃত্যু হয়। সে বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিল। এ সময় হঠাৎ হেলমেট পরা কয়েকজন ব্যক্তি এসে তাকে কুপিয়ে চলে যায়। তার হাত-পায়ের রগ কেটে দিয়েছে এবং পায়ের হাড় পর্যন্ত ভেঙে গেছে। এমনকি তার বাম হাতের দুটি আঙুলও বিচ্ছিন্ন হয়ে গেছে।
ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এই হামলা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, হামলার বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।