প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 11, 2025 ইং
সেনবাগে বিএনপির নবগঠিত আহবায়ক কমিটি প্রত্যাখ্যান: লাগাতার আন্দোলনের ঘোষণা

মোঃ আবদুল মোতালেব
স্টাফ রিপোর্টার, সেনবাগ - নোয়াখালী :--
নোয়াখালীর সেনবাগ উপজেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটি প্রত্যাখ্যান করেছে নোয়াখালী জেলা বিএনপির সদস্য কাজী মফিজুর রহমান মফিজ সমর্থিত নেতাকর্মীরা।
বুধবার ( ১০ সেপ্টেম্বর ) এ উপলক্ষে বিকেলে সেনবাগ পৌর শহরে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।
প্রচণ্ড স্লোগান আর ক্ষুব্ধ নেতাকর্মীদের উপস্থিতিতে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশ থেকে বক্তারা বলেন, “সেনবাগ উপজেলা বিএনপির এই বিতর্কিত কমিটি আমরা মানি না, মানবো না। এই কমিটি বিলুপ্তি না করা পর্যন্ত লাগাতার প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল চলবে।”
সেনবাগ উপজেলা পৌরশহরে জিরো পয়েন্টে থানার মোড়ে বহিষ্কৃত নেতা গোলাম হোসেন সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।
নেতাকর্মীরা অভিযোগ করেন, ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে স্বেচ্ছাচারিতার মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়েছে। যা বিএনপির দীর্ঘদিনের ঐক্যবদ্ধ আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করছে।
প্রতিবাদ সমাবেশে কাজী মফিজুর রহমানের সমর্থিত বিএনপির শত শত নেতাকর্মী অংশ নেন। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অমান্য করে যদি বিতর্কিত কমিটি চাপিয়ে দেওয়া হয়, তবে সেনবাগে রাজপথ উত্তাল হবে।”
বিক্ষোভ শেষে নেতাকর্মীরা কমিটি প্রত্যাহারের দাবিতে শহরে লাগাতার কর্মসূচির ঘোষণা দেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।