
মো:মাহিদুল ইসলাম, বাগেরহাট জেলা প্রতিনিধি দৈনিক জনতার খবর।
ফকিরহাটে জি-নাইন (গ্রান্ড নাইন) জাতের কলা চাষে কপাল খুলল চাষী মনিরুজ্জামানের। চাকুরি হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়ার পর কৃষি কাজে মনোনিবেশ করেন । হতাশার সেই সময়ে উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় জি -9 কলা চাষে নিয়মিত প্রশিক্ষণ নেন তিনি । সেখান থেকেই শুরু হয় তার নতুন যাত্রা। জি-নাইন কলা চাষে হতাশা কাটিয়ে এখন সফল উদ্যোক্তা মনিরুজ্জামান। তার এই সাফল্য দেখে অনুপ্রাণিত হয়েছেন আরও অনেকে।চাষি মনিরুজ্জামান জানান, তিনি ৫০ শতক জমিতে ৩৭৫টি জি-নাইন কলার চারা রোপণ করেছেন। শুরুতে খরচ হয় প্রায় ৯০ হাজার টাকা। প্রথম বছরেই যে ফলন পাওয়ায় গেছে তাতে তিন গুণ লাভের আশা করছেন তিনি। ইতোমধ্যে প্রায় সব গাছে কলা ধরেছে, বিক্রিও করছেন প্রতিদিন। প্রতি ছড়ায় (কাদি) প্রায় ২২০ থেকে ২৮০টি কলা হচ্ছে। কলার আকার যেমন বড় তেমনি খেতেও সুস্বাদু হওয়ায় পাইকার ও খুচরা ক্রেতারা ভিড় করছেন তার বাগানে । বাগান থেকে একটি কলা ৬ টাকা দরে প্রতি কাধি কলা ৮০০ থেকে ১২শ’ টাকায় বিক্রি হচ্ছে যা সাধারণ কলার চেয়ে প্রায় তিনগুণ বেশি। মনিরুজ্জামান শুধু নাম নয় একজন সফল উদ্যোক্তা ও অনুপ্রেরণা হয়ে উঠেছেন গ্রামের শত শত কৃষকের কাছে।আরেক চাষী শহীদুল আব্দুলাহ জানান, “আগে আমি বেগুন, পটলসহ নানা সবজি চাষ করতাম। এখন কৃষি অফিস থেকে প্রশিক্ষণ নিয়ে জি-নাইন কলা চাষ শুরু করেছি। আমার বাগানের কলার চাহিদা অনেক। ভালো লাভের আশা করছি।” স্থানীয় কৃষক শরীফ শেখ জানান, কাধিতে এত কলা তিনি আগে কখনো দেখেননি। সামনের বছর তিনিও জমিতে এই জাতের কলা চাষ করবেন বলে জানান।উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন জানান, বাজারে সচারচার যেসব কলা পাওয়া যায় তার প্রতি কাদিতে ৮০ থেকে ১৪০টি কলা হয়ে থাকে। কিন্তু জি-নাইন গাছে কলার সংখ্যা ২২০ থেকে ২৮০টি পর্যন্ত হয়ে থাকে। আবার কলা উৎপাদন সময়কালও কম। যার কারণে কৃষক অধিক লাভবান হন। এছাড়া কলার পুষ্টিগুণ বেশি হওয়ায় ক্রেতাদের চাহিদাও বেশি।