
মো.মেহেদী হাসান।।
পাবনার ভাঙ্গুড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভাঙ্গুড়া উপজেলা শাখার সভাপতি মোঃ মোতালেব হোসেনের বিরুদ্ধে দায়ের হওয়া (প্রাণনাশের হুমকি) থানায় জিডি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঁদাবাজি অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।
সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ভাঙ্গুড়ায় এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে মোতালেব হোসেন বলেন, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৭ বছর শাসনামলে তিনি ভাঙ্গুড়ায় কোনো রাজনৈতিক কার্যক্রম চালাতে পারেননি। বিভিন্ন সময়ে তাকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হয়েছে। এর ফলে তিনি রাজনৈতিকভাবে কর্মহীন ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। আর্থিক ক্ষতির বোঝা নিয়ে বিদেশ পারি দেন। ভাগ্য দোসে আবার বাংলাদেশে চলে আসেন।
তিনি আরও জানান, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি ভাঙ্গুড়ার মানুষের শান্তি-শৃঙ্খলা রক্ষাসহ দলীয় কার্যক্রম সক্রিয় ভাবে করতে গিয়ে এক সময় অসুস্থ হয়ে পড়লে প্রথমে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে তাকে ঢাকার বারডেম হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরামর্শ দেন।
মোতালেব হোসেন বলেন, চিকিৎসার খরচ জোগাড়ের করতে তিনি স্থানীয় শুভাকাঙ্ক্ষী ও নিকটজনদের সহযোগিতা চান তারই ধারাবাহিকতায় ভাঙ্গুড়া বাজারের ব্যবসায়ী একেএম হানিফ বাবলুর কাছে অর্থনৈতিক সহযোগিতা চাইতে গেলে দুঃখজনক ভাবে ঔ ঘটনার জের ধরে গত ৭ সেপ্টেম্বর ভাঙ্গুড়া থানায় তার বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ /জিডি দায়ের করা হয় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঁদাবাজির অভিযোগ করেন। মোতালেব হোসেন এই অভিযোগ কে "সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যমূলক ও রাজনৈতিক ষড়যন্ত্র" বলে দাবি করেন।
তিনি অভিযোগ/ জিডি টি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে ভাঙ্গুড়াবাসী ও সাংবাদিকদের সামনে নিজেকে নির্দোষ দাবি করেন। সেই সাথে তার দলীয় বিত্তবান নেতৃবৃন্দের কাছে চিকিৎসার জন্য সহযোগিতা চান এবং তার সুস্থতার জন্য সকলের দোয়া চান।
সংবাদ সম্মেলনে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী,মাইক্রোবাস পরিচালনা কমিটির সদস্য বৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।