
জিয়াউল ইসলাম।।
চলতি বছরে তৃতীয়বার সহ চতুর্থবারের মতো এস.এ. পরিবহনের ঈশ্বরদী শাখা থেকে এক লক্ষ ২০ হাজার সমপরিমাণ টাকার নকল বিড়ি জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)। রবিবার (০৭ সেপ্টেম্বর) দিনগত রাতে ঈশ্বরদী থানার সামনে এস.এ. পরিবহন থেকে নকল আকিজ, কারিকর ও ফরিদ কোম্পানির নামের লক্ষাধিক টাকার বিড়ি জব্দ করা হয়। এসময় বিড়ি সরবরাহকারী প্রাইভেটকারের চালক ও তার সহযোগীকে আটক করা হয়। আটককৃত আসামীরা হলেন, কুষ্টিয়া জেলার মিরপুর থানার খাদিমপুর গ্রামের ইসমাঈল হোসনের ছেলে মির্জু ও ভেড়ামারা থানার কৈগাড়ি গ্রামের তজিবার হোসেনের ছেলে শিমুল হাসান। এসময় তাদের আরেক সহযোগী জনি হোসেন মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। এ ঘটনায় একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে বৈধতা আছে এমন তথ্যের ভিত্তিতে আরও সবুজ সিএনজি ভর্তি (৪ বস্তা) ডেইজি সিগারেট সহ দুইজনকে ছেড়ে দিয়েছে র্যাব।
জানা গেছে, কুষ্টিয়া জেলার ভেড়ামারা ও মিরপুর উপজেলার জৈনক কয়েকজন ব্যাক্তি দীর্ঘদিন ধরে সরকারী ভ্যাট ট্যাক্স ফাঁকি দিয়ে নামী-বেনামি বিভিন্ন কোম্পানি নাম দিয়ে নকল বিড়ি তৈরী করে তা এস.এ. পরিবহনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় বাজারজাত করে আসছে। রবিবার দিনগত রাতে এস.এ. পরিবহনের মাধ্যমে আবারো নকল বিড়ি ও সিগারেট পাঠানো হবে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার ভর্তি নকল বিড়ি ও সিএনজি ভর্তি সিগারেট আটক করে র্যাব। আটককৃত প্রাইভেটকার চালক ও তার সহযোগীর বিরুদ্ধে ঈশ্বরদী থানায় বিশেষ ক্ষমতায়নে একটি অভিযোগ দায়ের করেছে র্যাব। তবে অদৃশ্য কারণে আইনি জটিলতার দায় দিয়ে দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসার প্রধান ও একমাত্র সহায়তাকারী এস.এ. পরিবহনের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়নি প্রশাসন।
নাম প্রকাশের অনিচ্ছুক এস.এ. পরিবহনের এক কর্মচারী ও মিরপুর ভেড়মারা এলাকার একাধিক অবৈধ বিড়ির মালিকরা জানান, কিছু বৈধ সিগারেটের চালান দেখিয়ে দীর্ঘদিন ধরে অবৈধ বিড়ি ও সিগারেট দেশের বিভিন্ন স্থানে এস.এ. পরিবহনের মাধ্যমে সরবরাহ করেন তারা। এতে স্বাভাবিকের চেয়ে বেশি ভাড়া দিতে হয় পরিবহনের দায়িত্বরতদের। একটি সূত্র বলছে, কুষ্টিয়ার মিরপুর ও ভেড়ামারা এলাকার প্রায় ২০-২৫ জন অবৈধ বিড়ি কারখানার মালিক দীর্ঘদিন যাবৎ এ পরিবহনের মাধ্যমে নকল বিড়ি বিভিন্ন জেলায় সরবরাহ করেন। আর ছেড়ে দেওয়া ডেইজি সিগারেট কোম্পানি ম্যানেজার রানা আহমেদ জানান, নাটোরের বড়াইগ্রামের রাজাপুর এলাকায় ডেইজি সিগারেটের পরীক্ষামূলক উৎপাদন শুরু করেছে তারা। তারাও এস.এ. পরিবহনের মাধ্যমে এসব সিগারেট বিভিন্ন জেলায় সরবরাহ করেন।
এদিকে ঈশ্বরদীতে বিভিন্ন কোম্পানির কুরিয়ার ও পার্সেল সার্ভিসের ব্রাঞ্চ থাকলেও বার বার এমন অবৈধ মালামাল পরিবহনে এস.এ. পরিবহনের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। শুধু ঈশ্বরদী নয়, জানা গেছে দেশের বিভিন্ন জেলায় এই নকল বিড়ি সরবরাহের সবচেয়ে নিরাপদ পরিবহণ এই এস.এ. পরিবহন। তবে প্রশাসনের পক্ষ থেকে বার বারই আইনী জটিলতার দায় দিয়ে এস.এ. পরিবহনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহন করা সম্ভব হয় না। অবশ্য পাবনা আইনজীবী সমিতির আইনজীবী এ্যাড. হাফিজুর রহমান বাদল জানান, আইনী জটিলতা বলতে কিছু নেই। হয়তো পরিবহন মালিকরা প্রভাবশালী হওয়ায় প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনা। তবে বিশেষ ক্ষমতা আইনে অবৈধ এসব কারবারির সহযোগী হিসেবে পরিবহনের বিরুদ্ধে মামলা করার সুযোগ রয়েছে।এদিকে স্থানীয় সুশীল জনসাধারণ বলছেন আইনি জটিলতা দূর করে এসব অবৈধ মালামাল সরবরাহকারী এস.এ. পরিবহনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা করা এখন সময়ের দাবী।
উল্লেখ যে, এর আগে ২০২২ সালের ২২ অক্টোবর দিনগত রাতে এস.এ. পরিবহন ঈশ্বরদী শাখা থেকে ১ লক্ষ শলাকা রানা বিড়ি উদ্ধার করে ঈশ্বরদী থানা পুলিশ। সে সময় বিড়ি মালিক রানাকে গ্রেপ্তার দেখানো হয়েছিলো। তবে চলতি বছরের গত ২ জানুয়ারি দিনগত রাতে বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়ন ও ৩০ মে দিনগত রাতে ঈশ্বরদী থানা পুলিশ আবারো এস.এ. পরিবহন ঈশ্বরদী শাখা থেকে প্রায় ১৮ লক্ষ টাকার নকল বিড়ি জব্দ করে। তখনও আইনী জটিলতা দেখিয়ে এসব ঘটনায় কোনো মামলা দায়ের হয় নি।